আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে সোমবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে সাবেক কোচ হাভিয়ের কাবরেরার সময়ে অধিকাংশ ম্যাচে নিয়মিত সুযোগ পাননি তিনি। নতুন কোচ থমাস ডুলির অধীনে নিজেকে নতুনভাবে প্রমাণের আশায় আছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
জামালের নতুন যাত্রা
২০১৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে টানা খেলছেন জামাল। অভিজ্ঞতায় দলের অন্যদের ছাড়িয়ে যাওয়া এই ফুটবলার এখন ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে। পুরো ৯০ মিনিট একই তীব্রতায় খেলা তার জন্য আগের মতো সহজ নয়। তারপরও কাবরেরা তাকে দলে রেখেছিলেন এবং নেতৃত্বের দায়িত্বও দিয়েছিলেন। তবে শেষ দিকে খেলার সুযোগ কমে যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন জামাল।
সোমবার সান মারিনো ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়ে নতুন শুরুর আশার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, ‘নতুন কোচের অধীনে আমরা নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি। যিনি আগে ছিলেন, উনি আসলে আমাকে পছন্দ করতেন না। এটা সবাই জানে। তাই আশা করি, নতুন কোচের অধীনে নতুন শক্তি নিয়ে নতুনভাবে শুরু হবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
সান মারিনো ম্যাচ নিয়ে প্রত্যাশা
ফিফা র্যাঙ্কিংয়ের তলানির দল সান মারিনোর বিপক্ষে ম্যাচ ঘিরে রোমাঞ্চিত জামাল। তার প্রত্যাশা, ‘প্রত্যাশা অবশ্যই অনেক বড়। প্রথমবার আমরা ইউরোপে গিয়ে খেলবো। তাই অনুভূতিটাও একটু আলাদা। কারণ ওখানকার আবহাওয়া এশিয়া থেকে পুরোপুরি ভিন্ন। সেই আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার পথ খুঁজে নিতে হবে। এই ম্যাচ নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত।’
প্রস্তুতি ক্যাম্প ও দল
এই প্রস্তুতি ক্যাম্পে ৩০জন ফুটবলারকে রাখা হয়েছে। তার মধ্যে সোমবার যোগ দিয়েছেন ১৬ জন। বসুন্ধরা কিংসয়ের ফুটবলাররা যোগ দেবেন আগামীকাল। আর হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যুক্ত হবেন।
দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘আজ ১৬ জনকে নিয়ে আমরা শুরু করছি। বসুন্ধরার খেলোয়াড়রা কাল যোগ দেবে। হামজা, শমিত সোম ও জায়ান সরাসরি যোগ দেবে। আমরা তারেক কাজীকে নিয়েও কাজ করছি। তার ২৯ মে আসার কথা রয়েছে। যদি সে ২৯ মে না আসে, তাহলে ভুটান থেকে কীভাবে তাকে সান মারিনো নেওয়া যায়, সেটার চেষ্টায় আছি।’
আজ বিকালে কিংস অ্যারেনায় ১৬ ফুটবলারকে নিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু করবেন থমাস ডুলি। এরই মধ্যে তার ইতালিয়ান বংশোদ্ভূত সহকারী কোচ মার্কো ব্রুনোও ক্যাম্পে যোগ দিয়েছেন।



