পদত্যাগ নয়, পুনর্নির্বাচনে লড়বেন রিয়াল সভাপতি পেরেজ
পদত্যাগ নয়, পুনর্নির্বাচনে লড়বেন পেরেজ

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ গতকাল হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে সবাইকে চমকে দিয়েছেন। ৭৯ বছর বয়সী এই ক্লাব প্রধান সাধারণত গণমাধ্যমের সামনে আসেন না। তাই তাঁর এই আকস্মিক সংবাদ সম্মেলন দেখে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো পদত্যাগের ঘোষণা দেবেন। কিন্তু পেরেজের প্রথম বক্তব্য ছিল, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি পদত্যাগ করছি না।'

কেন পড়েছে প্রশ্ন?

ট্রফিহীন টানা দুটি মৌসুম, কোপা দেল রে থেকে আগেভাগে বিদায়, সুপার কোপার ফাইনালে হেরে যাওয়া, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া এবং লা লিগা জিততে ব্যর্থ হওয়া—এসবই পেরেজের নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। এর সঙ্গে যোগ হয়েছে কোচ ছাঁটাই এবং ড্রেসিংরুমে অঁরেলিয়ে চুয়ামেনি ও ফেদে ভালভের্দের মারামারির ঘটনা। ফলে অনেকেই পেরেজের প্রতি অভিযোগ তুলেছেন।

পেরেজের পাল্টা বক্তব্য

সংবাদ সম্মেলনে কড়া ভাষায় কথা বলেন পেরেজ। তিনি দাবি করেন, দলের খারাপ ফলের সুযোগ নিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে নিশানা করা হচ্ছে। তাঁর ভাষায়, 'রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে চায় এমন একটি চক্র সক্রিয় রয়েছে। আমি এই রিয়ালবিরোধী তৎপরতা বন্ধ করতে চাই।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পেরেজ আরও বলেন, 'ক্লাবের সম্পদ সদস্যদের হাতে ফিরিয়ে দিতেই আমি পুনর্নির্বাচনে লড়ব। কেউ যদি নির্বাচন করতে চায়, তবে শুধু লোকদেখানো কথা না বলে মাঠে নামুক। তারা ক্লাবের জন্য কী করবে এবং অর্থায়নের উৎস কী হবে—সেটা পরিষ্কার করে বলুক। বাইরে অনেকে বলেন যে রিয়াল মাদ্রিদ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে এটিই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ ক্লাব।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মারামারি ও তথ্য ফাঁস

ড্রেসিংরুমের মারামারি প্রসঙ্গে পেরেজ বলেন, 'দুই খেলোয়াড়ের মধ্যে ঝামেলা হওয়ার ঘটনা এই প্রথম নয়। এমন অনেক মৌসুম গেছে যখন খেলোয়াড়েরা প্রতিনিয়ত নিজেদের মধ্যে তর্কে জড়িয়েছে। এসব হয়েই থাকে। এটা খারাপ, কিন্তু বিষয়টি জনসমক্ষে চলে আসা তার চেয়েও খারাপ। আগে কখনো তা সংবাদমাধ্যমে আসেনি।' তিনি যোগ করেন, 'তথ্য ফাঁস হওয়ার বিষয়টি ভয়াবহ। কারা সংবাদমাধ্যমে পাঠিয়েছে, ক্লাব ভালোভাবেই জানে।'

ক্যানসার গুজব উড়িয়ে

ক্যানসারে আক্রান্ত হওয়ার গুঞ্জন নিয়ে পেরেজ বলেন, 'কেউ কেউ বলছেন আমার নাকি প্রাণঘাতী ক্যানসার হয়েছে। অথচ আমি এখনো রিয়াল মাদ্রিদ ও আমার নিজস্ব প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছি। জানি না কেন এই গুজব ছড়ানো হচ্ছে। আমার যদি ক্যানসারই হতো, তবে তো আমাকে ক্যানসার সেন্টারে যেতে হতো। আপনারা কি মনে করেন আমি সেখানে গেলে সেটা জানাজানি হতো না? এ খবরের কোনো ভিত্তি নেই। তারা এটি সাজিয়েছে এবং পরে তা ডালপালা মেলেছে।'

রেফারিং দুর্নীতি ও বার্সার প্রতিক্রিয়া

পেরেজ স্প্যানিশ ফুটবলে রেফারিং দুর্নীতির অভিযোগ তুলে জানান, তিনি এবং তাঁর সমর্থকেরা উয়েফার কাছে পাঠানোর জন্য ৫০০ পৃষ্ঠার একটি নথি তৈরি করছেন। তিনি বলেন, 'এটি ফুটবলের সবচেয়ে গুরুতর দুর্নীতির ঘটনা। আমি মাত্র ৭টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি লিগ শিরোপা জিতেছি; অথচ আমি ১৪টি করে জিততে পারতাম। বাকিগুলো আমার কাছ থেকে চুরি করা হয়েছে।'

বার্সেলোনা অবশ্য পেরেজের অভিযোগের কড়া জবাব দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, 'রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ডাকা সংবাদ সম্মেলন এবং সেখানে তাঁর করা মন্তব্য ও অভিযোগগুলো আমাদের আইন বিভাগ খতিয়ে দেখছে। আপাতত পুরো বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে এবং এর প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা বিবেচনাধীন রয়েছে।'

পেরেজের পুনর্নির্বাচনের ঘোষণা এবং রেফারিং দুর্নীতির অভিযোগ স্প্যানিশ ফুটবলে নতুন বিতর্কের সূচনা করেছে। আগামী দিনে এই ঘটনা কী মোড় নেয়, সেদিকে তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।