রিয়াল মাদ্রিদ শিবিরে অশান্তি যেন কমছেই না। একে তো টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন থাকতে হচ্ছে তাদের, সবশেষ এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ২-০ ব্যবধানে হেরে কাটা ঘায়ে নুনের ছিটা লেগেছে। তার ওপর দলের ভেতরে দুই খেলোয়াড়ের হাতাহাতির ঘটনাও সামনে চলে আসে।
দলের ভেতরের অস্থিরতা
দলের ভেতরের অস্থিরতা এবং মাঠের খেলায় আশানুরূপ পারফরম্যান্স না করতে পারা, সব মিলিয়ে বাজে একটা সময় পার করছে স্প্যানিশ জায়ান্টরা। ফেদরিকো ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির হাতাহাতির ঘটনা বাইরে বেরিয়ে আসাটা ক্লাবের জন্য বেশ ক্ষতিকর, এমনটা মনে করছেন সমর্থকরা। এমনকি ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও একই কথা বলেছেন।
পেরেজের বক্তব্য
পেরেজের মতে, মারামারির চেয়েও অনেক বেশি খারাপ বিষয় হলো এই মারামারির ঘটনা জনসম্মুখে ছড়িয়ে দেওয়া। এল ক্লাসিকোর আগে বাইরে আসে রিয়াল শিবিরের ড্রেসিংরুমে অশান্তির খবর। এতে দুই খেলোয়াড়কে জরিমানা করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় সভাপতি পেরেজকে।
তার ভাষ্য, ‘আমার চোখে এটা ভয়ানক ব্যাপার এবং তারা এটাকে জনসম্মুখে নিয়ে এসেছে, যা আরও বেশি খারাপ।’ পেরেজ আরও বলেন, ‘এখানে আমি ২৬ বছর ধরে আছি। এমন কোনো বছর নেই যেখানে দুই-চারজন খেলোয়াড় মারামারি করেনি। আমার মতে, এসব বাইরে ছড়িয়ে দেওয়াটাই বেশি খারাপ। আমার মেয়াদের সময়ে তারা প্রতি বছরই এখানে মারামারি করেছে। যেমনটা তরুণ ছেলেরা করে, একজন লাথি মারে, আরেকজন পালটা লাথি মারে এবং এরপর আবার তারা বন্ধু হয়ে যায়।’
কড়া বার্তা
দলের ভেতরের ঘটনাটি যারা বাইরে প্রকাশ করেছে তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন পেরেজ। তাদের কোনো কিছুতেই সফল হতে দেবেন না এমন সতর্কবার্তাও দিয়েছেন তিনি।



