ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ
ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানের হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই হেরে সিরিজও খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল। হারারেতেই আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ওয়ানডেটি আগামী পরশু অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ের ইনিংস: কারেনের সেঞ্চুরি ও ইভান্সের ঝড়ো ব্যাটিং

টস হেরে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে প্রথম ওভারেই হারিয়ে ফেলে ব্রায়ান বেনেটকে (০)। এরপর প্রায় নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তারা। তবে ওপেনার বেন কারেন খেলেছেন শেষ পর্যন্ত, ১৩৫ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

মাঝে সিকান্দার রাজার (৪৩) সঙ্গে কারেনের পঞ্চম উইকেটে আসে ৯৫ বলে ৬৮ রানের জুটি। রাজা বিদায়ের পর একাই লড়াই চালিয়ে সেঞ্চুরি তুলে নেন কারেন। তবে তাতেও জিম্বাবুয়ের সংগ্রহ ২৫০ ছোঁয়া কঠিন ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেই অপূর্ণতা ঘুচিয়ে দেন ব্রাড ইভান্স। তাসকিন আহমেদের শেষ ওভারে ৩ ছক্কায় ২২ রান নিয়ে ইভান্স ৩৮ বলে অপরাজিত থাকেন ৫৮ রানে। জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ওঠে ২৪৮ রান।

বাংলাদেশের ব্যাটিং ধস

২৪৮ রানের লক্ষ্য তাড়ায় ৩৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও তানজিদ হাসানের তৃতীয় উইকেট জুটিতে ১০৭ বলে আসে ৮৪ রান। জিম্বাবুয়ের পেসারদের ভালোভাবে সামলানো তানজিদ ৭০ বলে ৫৭ রান করে বোল্ড হন ব্রায়ান বেনেটের বলে। ১২তম ওয়ানডেতে এসে প্রথম উইকেটের দেখা পান বেনেট।

হৃদয় খেলেন সর্বোচ্চ ৬০ রানের ইনিংস (৯০ বলে)। আশা দেখিয়েও ইনিংসটা বড় করতে পারেননি তিনি। তাঁর ফিরে যাওয়ার পরই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে। পরের ব্যাটসম্যানদের বেশির ভাগই বিলিয়ে দিয়ে এসেছেন উইকেট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কিছুক্ষণ অবশ্য তবু আশা বাঁচিয়ে রেখেছিলেন নুরুল হাসান (৩৮) ও মেহেদী হাসান মিরাজ (২৭)। কিন্তু তারাও শেষ গন্তব্য অবধি নিয়ে যেতে পারেননি। শেষমেশ ১১২ রান যোগ করতেই বাংলাদেশ হারিয়ে ফেলে শেষ ৮ উইকেট। টানা চার সিরিজ জেতা বাংলাদেশ হারের স্বাদ পেল জিম্বাবুয়েতে গিয়ে।