এক ম্যাচ হারেই টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল অনিশ্চিত ভারতের
এক ম্যাচ হারেই সেমিফাইনাল অনিশ্চিত ভারতের

এক ম্যাচ হারেই টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল অনিশ্চিত ভারতের

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড টানা ১২ ম্যাচ জয়ের পর ভারতের ঝলমলে পৃথিবী হঠাৎ করেই বিবর্ণ হয়ে গেছে। রোববার আহমেদাবাদের মাঠে সুপার এইট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় হারের পর সেমিফাইনালে উঠার পথ এখন অত্যন্ত জটিল।

সমীকরণের জটিলতা

দক্ষিণ আফ্রিকার ১৮৭ রানের জবাবে মাত্র ১১১ রানে অল আউট হয়ে ভারতের নেট রানরেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালে উঠতে ভারতের এখন বাকি দুই ম্যাচ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে। তবে তাতেও নিশ্চয়তা নেই।

গ্রুপের তিনটি দল সমান চার পয়েন্ট নিয়ে সুপার এইট শেষ করতে পারে। আবার এক দলের ছয় ও দুই দলের পয়েন্ট হতে পারে চার করে। সেক্ষেত্রে নেট রানরেটে পিছিয়ে থাকলে ভারতকে বিদায় নিতে হবে।

কী করণীয়?

নেট রানরেটের ক্ষতি কাটিয়ে উঠতে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে স্বাগতিক ভারতকে। দক্ষিণ আফ্রিকা তাদের পরের দুই ম্যাচ জিতলে কিছুটা সুবিধা হবে ভারতের। সেক্ষেত্রে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের রানরেট কম থাকবে। তখন নিজেদের দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলে শেষ চারে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে ভারত।

তবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের কেউ যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

অধিনায়কের প্রতিশ্রুতি

এক হারে সেমির পথ কঠিন হয়ে গেলেও নিজেদের সামর্থ্যে আস্থা রেখে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘আমরা ভুল থেকে শিখব। শক্তভাবে ঘুরে দাঁড়াব। চেষ্টা করব সব কিছু সাধারণ রাখতে। যে ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলে আসছি, সেটাই ধরে রাখতে চাইব। এক হারে সব বদলে যায়নি। আমার বিশ্বাস, আমরা শক্তভাবে ফিরে আসব।’

গাভাস্কারের বিশ্লেষণ

এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের অসহায় আত্মসমর্পণের কারণ বিশ্লেষণ করে ভারতীয় ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কার বলেছেন, ‘উইকেটের আচরণ কিংবা ম্যাচের পরিস্থিতি কোনো কিছুর সঙ্গেই ভারতের কারও মানিয়ে নেওয়ার চেষ্টা আমার চোখে পড়েনি। দক্ষিণ আফ্রিকা এই মাঠে তিন ম্যাচ খেলেছে। তাই তারা জানে উইকেট কেমন আচরণ করবে। প্রথম পাঁচ ওভারে ভুগলেও পরে তারা মানিয়ে নিয়েছে। কিন্তু মিলার ও ব্রেভিসের ব্যাটিং ও জুটি গড়া দেখেও শিখতে পারেনি ভারত।’

এই হার নিয়ে প্রশ্ন উঠেছে দলে নির্বাচন নিয়ে। অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে কেন নেওয়া হলো? অভিষেক শর্মাকে আর কত সুযোগ দেওয়া হবে? এমন আরও অনেক প্রশ্ন তুলেছেন ভারতের সাবেকরা। তবে সব ছাপিয়ে বড় প্রশ্ন, ভারত কি পারবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে?