বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে এই দুই দল। যেখানে দুই দলেই রয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটার। আর তাই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজও বেশ রোমাঞ্চকর হবে বলে মনে করছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
প্রথম টি-টোয়েন্টি নিয়ে ল্যাথামের প্রতিক্রিয়া
রোববার (২৬ এপ্রিল) প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, ‘আমাদের কাছে থাকা ফুটেজ থেকে আমরা দ্রুততম সময়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। তবে মাঝমাঠে গিয়ে একে অপরের সঙ্গে দ্রুত যোগাযোগ করাটাও খুব জরুরি। আমি মনে করি, এটি দুই দলের জন্যই রোমাঞ্চকর হবে। আমাদের দলেও এমন কিছু খেলোয়াড় আছে যারা খুব বেশি খেলেনি, তেমনি বাংলাদেশ দলেও এমন খেলোয়াড় আছে- যাদের এখনও অভিষেক হয়নি। তাই সামনের সিরিজটি বেশ রোমাঞ্চকর হবে।’
দ্রুত মানিয়ে নেওয়ার গুরুত্ব
ল্যাথাম আরও বলেন, ‘আমরা খেলোয়াড়দের কিছু ফুটেজ দেখেছি। আমরা জানি এমন কিছু খেলোয়াড় আছে যাদের এই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি। যখন আপনার কাছে এমন খেলোয়াড়দের সম্পর্কে খুব বেশি তথ্য থাকে না, যাদের আপনি আগে দেখেননি। তখন আপনাকে দ্রুত মানিয়ে নিতে হয়।’
নিউজিল্যান্ডের খেলোয়াড়দের প্রস্তুতি
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এই সিরিজ ভালো করতে মুখিয়ে আছেন জানিয়ে কিউই অধিনায়ক বলেন, ‘আমাদের অনেকে এখন বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে। সবাই টি-টোয়েন্টি পছন্দ করে। এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ তারা। এই সিরিজে ভালো করতেও ছেলেরা মুখিয়ে আছে।’



