এমবাপ্পের চোট: রিয়াল ও ফ্রান্সের জন্য দুশ্চিন্তা
এমবাপ্পের চোট: রিয়াল ও ফ্রান্সের জন্য দুশ্চিন্তা

এমবাপ্পের চোট: রিয়াল ও ফ্রান্সের জন্য দুশ্চিন্তা

লা লিগার চলতি মৌসুমের শেষ দিকে এসে হতাশা বাড়ল রিয়াল মাদ্রিদের। গত রাতে বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে চোট পেয়েছেন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। বেনিটো ভিয়ামারিন স্টেডিয়ামে ম্যাচের ৮৩ মিনিটে তিনি ইশারা করে ডাগআউটে যান এবং পরে খুঁড়িয়ে মাঠ ছাড়েন।

ম্যাচটি এমবাপ্পের জন্য ছিল বিশেষ—রিয়ালের জার্সিতে নিজের শততম ম্যাচ। কিন্তু সেই মাইলফলক ছোঁয়ার দিনে গোল করতে পারেননি তিনি, বরং চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ক্লাব সূত্র জানিয়েছে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দিয়েছে। পেশির স্বাভাবিক কার্যক্ষমতার বেশি ধকলের কারণে এ ধরনের সমস্যা হয় বলে জানা গেছে।

চোটের গুরুত্ব নিয়ে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া একটু ধোঁয়াশা রেখেছেন। তিনি বলেছেন, ‘এমবাপ্পে ঠিক কেমন আছে, এই মুহূর্তে পরিষ্কার করে বলতে পারছি না। ও কিছুটা অস্বস্তি বোধ করছিল। আগামী কয়েক দিন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চলতি মৌসুমে চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না রিয়ালের। অঁরেলিয়া চুয়ামেনি আগে থেকেই বাইরে। দুদিন আগেই খবর এসেছে, আর্দা গুলের ও এদের মিলিতাওয়ের মৌসুম শেষ। এবার দলের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে টানাটানি।

এমবাপ্পের এই চোট শুধু রিয়ালকে নয়, দুশ্চিন্তায় ফেলেছে ফরাসিদেরও। মাত্র মাস দেড়েক পর শুরু হবে ফুটবল বিশ্বকাপ, যেখানে ফ্রান্স অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন এমবাপ্পে।

আপাতত সবার চোখ এমবাপ্পের মেডিকেল রিপোর্টের দিকে। আগামী ৩ মে এস্পানিওল বা ১০ মে বার্সেলোনার বিপক্ষে মহারণে তিনি ফিরতে পারবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ