আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই। তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শুনানি
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রিট দায়েরের প্রেক্ষাপট
গত ২ জুন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ছয় জন কাউন্সিলর এ রিট দায়ের করেন। তবে আদালত তা খারিজ করে দিয়ে নির্বাচনের পথে বাধা অপসারণ করেন।
তফসিল ও ভোটার তালিকা
গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সে দিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়। গত ১৭ মে বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচন প্রক্রিয়া
নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশন
গত ১৩ মে গঠিত নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন। এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।



