জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের কণ্ঠস্বর হয়ে জাতিসংঘে কাজ করা সাবেক এই সাংবাদিক নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এক টুইটের মাধ্যমে এই শুভেচ্ছা জানান।
বাংলাদেশের মর্যাদা ও সম্মান পুনরুদ্ধার
তার চোখে, ‘বাংলাদেশ সম্মান ও মর্যাদার সাথে বিশ্বমঞ্চে ফিরে এসেছে’। তিনি আরও মন্তব্য করেন যে নতজানু পররাষ্ট্রনীতির কারণে এটি এতদিন সম্ভব হয়নি। এই অর্জন বাংলাদেশ ও দেশের জনগণের জন্য গৌরবের বলে উল্লেখ করে তিনি লেখেন, ‘বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এটি অর্জন করেছি।’
কূটনৈতিক প্রচেষ্টা ও ভূমিকা
উল্লেখ্য, মেক্সিকোসহ লাতিন আমেরিকার পাঁচটি দেশে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত থাকা অবস্থায় এ বছরের শুরুর দিকে নির্বাচনি ক্যাম্পেইন শুরু করেন আন্তর্জাতিক মহলে আলোচিত এই রাষ্ট্রদূত। তার কর্মপরিধির আওতায় থাকা মোট ছয়টি দেশের ভোট যেন বাংলাদেশের পক্ষে আসে, এ নিয়ে একাধিক বৈঠক এবং জনকূটনীতির মাধ্যমে জোরালো ভূমিকা রাখেন মুশফিকুল ফজল আনসারী।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই অর্জন শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য গৌরবের বলে মনে করেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে যে নতুন মাত্রা যোগ করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এই রাষ্ট্রদূত।



