মেমফিস ডিপাইকে নিয়ে ডাচ কোচের আস্থা, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা
ডিপাইকে নিয়ে ডাচ কোচের আস্থা, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা

চলতি ফর্ম কিংবা ম্যাচ ফিটনেস—কোনোটিই মেমফিস ডিপাইয়ের পক্ষে ছিল না। গত দুই মাসে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের হয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন। তবু নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান আস্থা রেখেছেন ডিপাইয়ের ওপর। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ঘোষিত ২৬ সদস্যের ডাচ স্কোয়াডে জায়গা পেয়েছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে দলে সুযোগ পেলেও মূল আসরে নামার আগে আগামী কয়েক সপ্তাহে নিজেকে প্রমাণ করতে হবে নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে।

কোচের আশাবাদ ও শর্ত

বুধবার (২৭ মে) দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে কোম্যান জানান, অতীতে দলের জন্য ডিপাইয়ের অবদান এবং তার কার্যকারিতার ওপর ভরসা রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০৮ ম্যাচে ৫৫ গোল করা এই ফরোয়ার্ডকে নিয়ে ডাচ কোচ বলেন, 'সে এখনো মাঠে যা দিতে পারে, সেই সামর্থ্যের কথা বিবেচনা করেই আমি মেমফিসকে বেছে নিয়েছি। ওর পজিশনে এই মুহূর্তে বিকল্প কাউকে দেখছি না। ও দলের জন্য বড় সম্পদ হতে পারে, তবে টুর্নামেন্ট শুরুর আগের সময়টা ওকে ভালোভাবে পার করতে হবে।' ডিপাইয়ের ম্যাচ ফিটনেস নিয়ে ডাচ কোচের কপালে কিছুটা চিন্তার ভাঁজ থাকলেও তিনি আশাবাদী। করিন্থিয়ানসের হয়ে মাঠে পর্যাপ্ত সময় না পেলেও কোম্যান জানিয়েছেন, আর্জেন্টিনার প্লাতেন্সের বিপক্ষে কোপা লিবার্তাদোরেসের ম্যাচে ডিপাই শুরুর একাদশে খেলবেন বলে তাকে আশ্বস্ত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রস্তুতি ম্যাচ ও টিম্বারের অবস্থা

বিশ্বকাপের আগে আলজেরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। কোম্যান স্পষ্ট করে দিয়েছেন, 'প্রস্তুতি ম্যাচে ও যদি আমার প্রত্যাশা অনুযায়ী ফিটনেস দেখাতে পারে, তবেই মূল পর্বে শুরুর একাদশে থাকবে। আর তা না হলে ও ব্যাকআপ হিসেবে খেলবে।' ডিপাইয়ের পাশাপাশি আর্সেনালের ডিফেন্ডার জুরিয়েন টিম্বারকেও দলে রেখেছেন কোম্যান। কুঁচকির চোটের কারণে গত মার্চ থেকে মাঠের বাইরে থাকা টিম্বারেরও এখন ম্যাচ টাইমের প্রয়োজন। আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবে আর্সেনাল, যেখানে টিম্বারের ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। তিনি যদি শেষ পর্যন্ত পুরোপুরি ফিট হতে না পারেন, তবে ব্যাকআপ হিসেবে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে ইয়ান মাটসেন ও লুতশোরেল গেরত্রুইদাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপের প্রস্তুতি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে গ্রুপ 'এফ'-এ খেলবে নেদারল্যান্ডস। আগামী ১৪ জুন ডালাসে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডাচদের বিশ্বকাপ অভিযান। তার আগে ডিপাই ও টিম্বারদের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ের দিকেই তাকিয়ে থাকবে পুরো ডাচ শিবির।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল

গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রুফস এবং বার্ট ভারব্রুখেন।

ডিফেন্ডার: নাথান আকে, ডেনজেল ডামফ্রিস, ইয়োরেল হাতো, ইউরিয়েন টিম্বর, ইয়ান পাউল ফান হেকে, ভার্জিল ফান ডাইক এবং মিকি ফান ডে ফেন।

মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডে ইয়ং, মার্টেন ডে রুন, রায়ান খ্রাফেনবের্খ, ট্যুন কোপমাইনার্স, তিজানি রাইন্ডার্স, খিউস তিল, কুইন্টেন টিম্বর এবং মাটস ভিফার।

ফরোয়ার্ড: ব্রায়ান ব্রবি, মেমফিস ডেপাই, কোডি খাকপো, জাস্তিন ক্লাইভার্ট, নোয়া লাং, ডনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল এবং বাউত ভেখহোর্স্ট।