সূর্যবংশীর ঝড়ে আইপিএলে নতুন রেকর্ডের বন্যা
সূর্যবংশীর ঝড়ে আইপিএলে নতুন রেকর্ডের বন্যা

কাল নিউ চণ্ডীগড়ে আইপিএলের এলিমিনেটর ম্যাচে এক ঝড়ো ইনিংস খেলে ইতিহাস গড়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। তিনি মাত্র ২৯ বলে ৯৭ রান করেন, যেখানে ১২টি ছক্কা ছিল তাঁর ব্যাট থেকে। তাঁর স্ট্রাইকরেট ছিল ৩৩৪.৪৮। এই ইনিংসের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৭ রানের জয় পায় রাজস্থান রয়্যালস এবং দলটি পৌঁছে যায় কোয়ালিফায়ারে।

ছক্কার রাজা সূর্যবংশী

এবারের আইপিএলে মোট ৬৫টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যবংশী। টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো টুর্নামেন্টে এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১২ আইপিএলে ৫৯টি ছক্কা মেরে আগের রেকর্ডটি গড়েছিলেন ক্রিস গেইল। তবে গেইল সেসব ছক্কা মারতে খেলেছিলেন ৪৫৬ বল, আর সূর্যবংশী তা করেছেন মাত্র ২৬৬ বলে!

অবিশ্বাস্য স্ট্রাইক রেট

চলতি মৌসুমে ১৫ ইনিংসে সূর্যবংশীর মোট রান ৬৮০। টি-টুয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টুর্নামেন্টে ২০০–এর বেশি স্ট্রাইক রেটে (২৪২.৮৫) ৬০০ রান করেছেন তিনি। ২০২২ সালের টি-টুয়েন্টি ব্লাস্টে ১৯২.২৮ স্ট্রাইক রেটে ৬২৩ রান করে এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এলিমিনেটরে আরও রেকর্ড

এলিমিনেটরে সূর্যবংশী ৯৭ রানের ইনিংস খেলেছেন ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে। আইপিএলের ইতিহাসে ৯০ বা তার বেশি রানের ইনিংসে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। মাত্র ১৬ বলে ফিফটি করেন তিনি, যা আইপিএলের প্লে-অফ বা নকআউট পর্বের ইতিহাসে যৌথভাবে দ্রুততম ফিফটি। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়নাও ১৬ বলে ফিফটি করেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছক্কার রেকর্ড

মাত্র ২৯ বলের ইনিংসে ১২টি ছক্কা মারেন সূর্যবংশী। আইপিএলের এক ইনিংসে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এর আগেও তিনি একবার ১২টি ছক্কা মেরেছিলেন, সেটিও এসেছিল এই হায়দরাবাদের বিপক্ষেই। তবে আইপিএল প্লে-অফের যেকোনো ম্যাচে এটিই এখন সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে শুবমান গিল ১০টি ছক্কা মেরে এত দিন শীর্ষে ছিলেন।

পাওয়ারপ্লেতে তাণ্ডব

ইনিংসের প্রথম ১০টি ছক্কা মারতে সূর্যবংশী খেলেছেন মাত্র ২৪ বল। আইপিএলে এত কম বলে ১০টি ছক্কা আর কেউ মারতে পারেননি। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের সেই বিখ্যাত ইনিংসে প্রথম ১০টি ছক্কা মারতে গেইল খেলেছিলেন ২৭ বল। কাল ১২টি ছক্কার মধ্যে ৮টিই তিনি মেরেছেন প্রথম পাওয়ারপ্লেতে। আইপিএলের ইতিহাসে পাওয়ারপ্লেতে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে পাঁচজন ব্যাটসম্যান পাওয়ারপ্লেতে ৭টি করে ছক্কা মেরেছিলেন, যার মধ্যে চলতি মৌসুমে জয়পুরে সূর্যবংশীর নিজেরও একটি ইনিংস ছিল।

পাওয়ারপ্লেতে রানের রেকর্ড

এই মৌসুমে শুধু পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারেই সূর্যবংশী রান তুলেছেন ৪৯০। ২০১৬ সালের আইপিএলে পাওয়ারপ্লেতে ডেভিড ওয়ার্নারের করা ৪৬৭ রানের রেকর্ড ভেঙেছেন এই কিশোর। এছাড়া আইপিএলের ৩০০–এর বেশি স্ট্রাইকরেটে সূর্যবংশী পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন ৩ বার, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ।