ভাঙ্গায় বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক বাস পলাতক
ভাঙ্গায় বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক বাস পলাতক

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত বাসের চাপায় ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার বিবরণ

শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব মালবাহী ট্রাকটির চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ আলী হেলপার হিসেবে সঙ্গে কাজ করতেন।

পুলিশের বক্তব্য

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক ভোর সাড়ে ৪টার দিকে বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা বিকল হয়ে যায়। পরে সড়কের এক পাশে ট্রাকটি থামিয়ে বাবা-ছেলে মিলে চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় ভাঙ্গাগামী দ্রুতগতির একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসি। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ