মিরপুর টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
মিরপুর টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। শামসুল হকের মতে, পাকিস্তানের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য কেবল একটি দ্বিপক্ষীয় লড়াই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নিজেদের অবস্থান শক্ত করার বড় সুযোগও। সেই সুযোগের শুরুটা বাংলাদেশ করেছে ইতিহাস গড়ে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে টাইগাররা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান

সিরিজ শুরুর আগে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ ছিল অষ্টম স্থানে। দুটি ম্যাচে এক ড্র ও এক হারে সংগ্রহ ছিল ৪ পয়েন্ট, পয়েন্ট পার্সেন্টেজ ১৬.৬৭। অন্যদিকে পাকিস্তান ছিল তুলনামূলক ভালো অবস্থানে। তবে মিরপুর টেস্টের এই জয়ে বাংলাদেশের সমীকরণ নতুন করে বদলাতে শুরু করেছে।

এই চক্রে বাংলাদেশের সামনে এখনো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে। এর মধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে আতিথ্য দেবে বাংলাদেশ। আর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাবে টাইগাররা। আসন্ন সিরিজ তাদের বিপক্ষে। এরপর প্রোটিয়াদের বিপক্ষে খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে লাল-সবুজ পতাকাধারীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

র্যাঙ্কিংয়ে উন্নতি

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট জয়ে বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছে, জয়ের পার্সেন্টেজ ৪৪.৪৪। সিরিজের দ্বিতীয় টেস্টও জিতলে ভারতকে পেছনে ফেলে পাঁচে উঠে আসার সুযোগ থাকবে। তাই শীর্ষ দুইয়ে থেকে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথ এখনো বাংলাদেশের সামনে রয়েছে। কঠিন, তবে অসম্ভব নয়। সে জন্য ঘরের মাঠে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পাশাপাশি বিদেশের দুটি সিরিজেও অন্তত একটি করে ম্যাচ জিততে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাহিদ রানার কীর্তি

মিরপুর টেস্টের শেষ বিকেলের দৃশ্য যেন ছিল সাজানো এক চিত্রনাট্য। গোধূলির আলো, গ্যালারির উচ্ছ্বাস আর ক্যামেরার ঝলকানির মধ্যে জন্ম নেয় বাংলাদেশের টেস্ট ইতিহাসের এক বিশেষ মুহূর্ত। বল হাতে ছুটে আসেন তরুণ পেসার নাহিদ রানা। তাঁর বাউন্সারে গ্লাভসে লেগে ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ দেন শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে সঙ্গে শুরু হয় বাংলাদেশের জয়ের উল্লাস।

এই উইকেটের মধ্য দিয়েই ২৬ বছর ও ১৫৭ ম্যাচ পর টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন কোনো বাংলাদেশি পেসার। ৪০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার–সেরা বোলিং করেন নাহিদ রানা।

নেতৃত্ব ও মানসিকতার পরিবর্তন

বাংলাদেশ দলকে সামনে থেকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নাজমুল শান্ত। শামসুল হকের মতে, মিরপুর টেস্ট জয় শুধু পরিসংখ্যানের গল্প নয়, এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মানসিকতারও পরিবর্তনের প্রতিচ্ছবি। একসময় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাস ছিল হতাশা আর আক্ষেপে ভরা। ১৩ ম্যাচে ১২ হার ও একটি ড্র, এমন বিবর্ণ রেকর্ড নিয়েই ২০২৪ সালে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। ইতিহাস বদলাতে শুরু করে সেই সফরেই। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেও জয় তুলে নিয়ে তাদের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিয়েছে টাইগাররা।

বাংলাদেশ এর আগে টেস্টে টানা তিনবার হারিয়েছিল শুধু জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন সাফল্য আলাদা গুরুত্ব পাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড চার ম্যাচের।

ভবিষ্যৎ সম্ভাবনা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অতীত খুব বেশি উজ্জ্বল নয়। প্রথম দুটি চক্রে সবার শেষ অর্থাৎ নবম স্থানে থেকে আসর শেষ করে। তৃতীয় চক্রে অষ্টম স্থানে ছিল। এবার সুযোগ নিজেদের শক্তিমত্তা জানান দিয়ে আরও ওপরে ওঠার। সেই আশা জোগাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ের অভিজ্ঞতা এবং অন্যান্য দলগুলোর বিপক্ষে এই ফরম্যাটে ভালো খেলার ধারাবাহিকতা। বলা যায়, বাংলাদেশ ধীরে ধীরে পরিপূর্ণ একটি টেস্ট দল হয়ে উঠছে।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ জিততে পারলে শুধু ইতিহাসই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণেও বড় পরিবর্তন হবে।

সভাপতি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা