মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি কংক্রিটবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার তিল্লী গ্রামের আলম হোসেন (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্র ও সাটুরিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দড়গ্রাম এলাকা থেকে একটি কংক্রিটবোঝাই ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বেলা সাড়ে ১১টার দিকে উত্তর পাড়তিল্লী বিলপাড়া এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী আলম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী কালু মিয়া ও সোনা মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে কালু মিয়া এবং বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনা মিয়া মারা যান।
পুলিশের বক্তব্য
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।



