আবারও ডোপিং বিতর্কে পড়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ডগ ব্রেসওয়েল। দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে। শুক্রবার (২৪ এপ্রিল) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ‘দ্য ক্রিকেট রেগুলেটর’ এই সিদ্ধান্ত জানায়।
ঘটনার সূত্রপাত
গত বছরের সেপ্টেম্বর মাসে চেলমসফোর্ডে এসেক্স ও সমারসেটের মধ্যকার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলাকালে ব্রেসওয়েলের একটি ইন-কম্পিটিশন ডোপ টেস্ট করা হয়। পরে লন্ডনের বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি স্বীকৃত পরীক্ষাগারে ওই নমুনা বিশ্লেষণে কোকেন এবং এর বিপাকীয় উপাদান বেঞ্জয়লেকগোনিনের উপস্থিতি ধরা পড়ে। ইসিবির অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী কোকেন নিষিদ্ধ পদার্থ হিসেবে তালিকাভুক্ত।
তদন্ত ও স্বীকারোক্তি
তদন্তে জানা যায়, ব্রেসওয়েল ম্যাচের প্রথম দিনের পর রাতের বেলায় কোকেন গ্রহণ করেছিলেন এবং পরের দিন ভোর পর্যন্ত তা অব্যাহত ছিল। বিষয়টি তাকে নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এবং তিনি ৮ ডিসেম্বর নিজের বক্তব্যে মাদক ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। দোষ স্বীকার করায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
অবসর ও নিষেধাজ্ঞা
ডোপ টেস্টের ফল জানার পর ব্রেসওয়েল ২০২৫ সালের ২৮ ডিসেম্বর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে অবসরের পরও তাকে শাস্তি থেকে ছাড় দেয়া হয়নি। নিয়ম অনুযায়ী তার দুই বছরের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়, যা ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে এবং ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।
নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য
ইসিবির নিয়ন্ত্রক সংস্থা জানায়, ব্রেসওয়েলের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল নিষিদ্ধ পদার্থের উপস্থিতি ও ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। তবে মাদকটি পারফরম্যান্স বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট নয়। তবুও অ্যান্টি-ডোপিং নীতিমালা অনুযায়ী তাকে শাস্তির আওতায় আনা হয়।
এসেক্সের প্রতিক্রিয়া
অন্যদিকে ব্রেসওয়েলের সাবেক কাউন্টি ক্লাব এসেক্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা ব্রেসওয়েলের আচরণ সমর্থন করে না, তবে তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করবে। ক্লাবটি আরও জানায়, সব খেলোয়াড় ও কর্মীর কাছ থেকে সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশিত। সূত্র: বিবিসি



