চোট নিয়ে কম সমালোচনার শিকার হননি নেইমার। শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে বলেছেন, সেসব সমালোচনা ছিল অর্থহীন। তবে দলে ফেরার লড়াইয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন বলে দাবি ব্রাজিলের রেকর্ড স্কোরারের। পাশাপাশি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পেরেছেন বলেও বিশ্বাস এই তারকার।
চোট ও অস্ত্রোপচারের পর ফেরা
ইনজুরি ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে ২০২৩ সালের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি সান্তোস ফরোয়ার্ড। এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন। ব্রাজিল কোচ আনচেলত্তিও স্পষ্ট করে বলেছেন, বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে নেইমারকে পুরোপুরি ফিট ও ছন্দে থাকতে হবে।
ফিটনেস নিয়ে নেইমারের বক্তব্য
রবিবার করিতিবার কাছে সান্তোসের ৩-০ গোলে হারের পর সাংবাদিকদের নেইমার ফিটনেস নিয়ে বলেছেন, 'শারীরিকভাবে আমি দারুণ অনুভব করছি। প্রতি ম্যাচের সঙ্গে উন্নতি করছি। আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। এটা সহজ ছিল না, সত্যিই সহজ ছিল না।'
সমালোচনা নিয়ে মন্তব্য
সমালোচনা নিয়ে নেইমারের মন্তব্য, 'বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি। এর সঙ্গে সহ্য করতে হয়েছে আমার শারীরিক অবস্থা ও আমি কী করছি, তা নিয়ে অর্থহীন সব কথা। মানুষ যেভাবে এসব নিয়ে কথা বলে, সেটা সত্যিই কষ্ট দেয়।'
নেইমার জানান, 'আমি চুপচাপ ঘরে বসে কঠোর পরিশ্রম করেছি। মানুষের কথায় কষ্ট পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে।'
ফিটনেসের অবস্থা
নেইমার মনে করেন শারীরিকভাবে পুরোপুরি ফিট অবস্থাতেই পৌঁছাতে পেরেছেন তিনি, 'আমি যেখানটায় পৌঁছাতে চেয়েছিলাম, সেখানে সুস্থভাবেই ফিরতে পেরেছি। আমার পারফরম্যান্স ও এখন পর্যন্ত যা করেছি, তাতে আমি খুশি। এখন যা-ই হোক, আনচেলত্তি নিশ্চয়ই এই লড়াইয়ের জন্য সেরা ২৬ জন খেলোয়াড়কেই বেছে নেবেন।'
বদলি হয়ে মাঠ ছাড়ার ঘটনা
এদিকে, রবিবারের ম্যাচে ভুলবশত বদলি হয়ে মাঠ ছাড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নেইমার। বিশ্বকাপ দল ঘোষণার ঠিক আগমুহূর্তে এমন ঘটনা ৩৪ বছর বয়সী এই তারকাকে বিব্রতকর অবস্থাতে ফেলেছে।



