পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩৫ জন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কেউ হাতে, কেউ পায়ে গুরুতর জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে আহতদের ভিড়
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব তথ্য পাওয়া যায়। এর আগে বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, কেউ হাতে আঘাত পেয়ে, আবার কেউবা পায়ে আঘাত পেয়ে হাসপাতালে আসছেন।
আহতদের বক্তব্য
গরু জবাই করার সময় গরুর আঘাতে এবং জবাই শেষে ছুরির আঘাতে এসব আহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আহতরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো. আরাফাত জানান, 'গরুর জবাইয়ের পর চামড়া আলাদা করার সময় আমার ভাইয়ের ছুরির আঘাত লাগে আমার হাতে। তা-ই চিকিৎসা নিতে এসেছি।'
চিকিৎসকের বক্তব্য
এ বিষয়ে আনোয়ারা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নিঝুম শীল বলেন, 'সকাল থেকে ৩৫ জন মত হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছে। তাদের অধিকাংশই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।' তবে আহাসান (১৩) নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি গলায় ছুরির আঘাত পেয়েছিলেন।



