সারা দেশে ঈদুল আজহার জামাত শেষে চলছে পশু কুরবানি। চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন আনন্দের মুহূর্তে বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
বৃষ্টির সম্ভাব্য এলাকা
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান। এ কারণে শুক্রবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভারি বর্ষণের সম্ভাবনা
সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



