শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম জামাতে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার
শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম জামাতে বিজিবি মোতায়েন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, বিজিবি সীমান্তে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নির্ভরযোগ্যভাবে দায়িত্বপালন করে আসছে। প্রতি বছরের ন্যায় দেশের সর্ববৃহৎ এই ঈদ জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টি করে দায়িত্ব পালন করবে।

ঈদ জামাতে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যতীত অন্য পথ ব্যবহার না করা, কোনো প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোন কিছু বহন না করার জন্য নিষেধ করা হয়েছে। এই বৃহৎ ঈদ জামাত বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবারের ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ