ঈদ শিশুদের জন্য আনন্দের বিশেষ উপলক্ষ। নতুন পোশাকের আনন্দের পাশাপাশি ছুটির সময় বাবা-মাকে কাছে পাওয়ার সুযোগও তাদের খুশিকে আরও বাড়িয়ে তোলে। তাই ঈদের সময় ছোটদের ঘুরতে যাওয়ার আগ্রহও বেশি থাকে।
যদিও এবার দেশজুড়ে ঈদের কয়দিন বৃষ্টির সম্ভাবনা আছে, তবুও রাজধানীতে এমন কয়েকটি স্থান রয়েছে যেখানে শিশুদের নিয়ে যেতে পারলে আনন্দময় সময় কাটানো যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক।
বাংলাদেশ সামরিক জাদুঘর, থ্রিডি আর্ট গ্যালারি ও নভোথিয়েটার
এই তিনটি স্থান একসঙ্গে ঘুরলে শিশুরা একই সঙ্গে বিনোদন ও নতুন কিছু জানার সুযোগ পাবে। সামরিক জাদুঘরে দেশের সামরিক ইতিহাস, বিভিন্ন বাহিনীর ব্যবহৃত সরঞ্জাম ও নানা গুরুত্বপূর্ণ তথ্য দেখার সুযোগ রয়েছে। পাশের থ্রিডি আর্ট গ্যালারিতে পাহাড়, সমুদ্র, মহাকাশসহ বিভিন্ন আকর্ষণীয় থ্রিডি দৃশ্য শিশুদের মুগ্ধ করবে। অন্যদিকে নভোথিয়েটারে সৌরজগৎ, বিজ্ঞানীদের তথ্য, ৫ডি অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক প্রদর্শনী শিশুদের কৌতূহল বাড়াবে।
মিরপুর জাতীয় চিড়িয়াখানা
মিরপুর জাতীয় চিড়িয়াখানাও শিশুদের নিয়ে সময় কাটানোর ভালো একটি জায়গা হতে পারে। সেখানে বিভিন্ন প্রাণী কাছ থেকে দেখার সুযোগের পাশাপাশি প্রকৃতির মধ্যে সময় কাটানো যাবে। এছাড়া শিশুদের জন্য আলাদা খেলার ব্যবস্থাও রয়েছে।
শ্যামলীর শিশুমেলা
শ্যামলীর শিশুমেলা শিশুদের বিনোদনের আরেকটি জনপ্রিয় কেন্দ্র। এখানে বিভিন্ন রাইড, ট্রেন ও নানা ধরনের আকর্ষণীয় বিনোদন ব্যবস্থা রয়েছে, যা শিশুদের আনন্দময় সময় উপহার দেবে।
বিমান বাহিনি জাদুঘর
বিমান বাহিনি জাদুঘরে গেলে শিশুরা বিভিন্ন ধরনের বিমান, যুদ্ধবিমান এবং বিমান বাহিনীর ইতিহাস সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি বিভিন্ন রাইড ও বিনোদনের ব্যবস্থাও রয়েছে।
পান্থপথের টগি ফান ওয়ার্ল্ড
ইনডোর বিনোদনের জন্য পান্থপথের টগি ফান ওয়ার্ল্ড হতে পারে ভালো পছন্দ। এখানে শিশুদের জন্য বিভিন্ন গেম, রাইড ও ভার্চুয়াল অভিজ্ঞতার ব্যবস্থা রয়েছে, যা তাদের সময়কে আরও উপভোগ্য করে তুলবে।
ঈদের ছুটিতে শিশুদের নিয়ে এই স্থানগুলোতে বেড়াতে গেলে তারা যেমন আনন্দ পাবে, তেমনি নতুন কিছু শেখার সুযোগও পাবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও ইনডোর ও আউটডোর উভয় ধরনের বিনোদনের ব্যবস্থা থাকায় যেকোনো আবহাওয়ায় সময় কাটানো সম্ভব।



