ভুয়া তথ্য মহামারির আকার নিয়েছে: মতিউর রহমান চৌধুরী
ভুয়া তথ্য মহামারির আকার নিয়েছে: মতিউর রহমান

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন নোয়াব সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, দেশে ভুয়া তথ্য ও অপতথ্যের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে, যা এখন প্রায় মহামারির আকার ধারণ করেছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সম্মিলিত উদ্যোগ ও সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।

আলোচনা সভার বিবরণ

আজ রোববার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রতিবছর ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

সামাজিক মাধ্যমে তথ্যের প্রতিযোগিতা

মতিউর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে তথ্য আগে দেওয়ার প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় যাচাইহীন খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে মূলধারার গণমাধ্যম চাপে পড়ছে। অনেক ক্ষেত্রে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক লাইভ বা পোস্ট দেওয়া হচ্ছে, কিন্তু সেসব তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে না। ফলে পরবর্তীতে তা ভুয়া প্রমাণিত হলেও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যেক ঘরে একজন সাংবাদিক

নোয়াব সভাপতি আরও বলেন, ‘এখন প্রায় প্রত্যেক ঘরেই একজন করে “সাংবাদিক” তৈরি হয়েছে। যে যা দেখছে, সেটাই লিখছে বা প্রচার করছে। এই অবস্থায় সঠিক তথ্য পাওয়াই কঠিন হয়ে যাচ্ছে।’ ভুয়া তথ্যের কারণে সমাজে বিভক্তি তৈরি হচ্ছে, এমনকি ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীগত সংঘাতের ঘটনাও ঘটছে। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সচেতনতা বাড়ানোর প্রস্তাব

পরিস্থিতি মোকাবিলায় সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে মতিউর রহমান চৌধুরী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানো যেতে পারে। এতে সাধারণ মানুষ তথ্য যাচাইয়ে আরও সতর্ক হবে। তিনি ‘ভুয়া তথ্য’ ও ‘অপতথ্য’ রোধে শুধু প্রশাসনিক পদক্ষেপকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন। তাঁর মতে, এটি মোকাবিলায় প্রয়োজন একটি সামাজিক আন্দোলন। সে জন্য গণমাধ্যমের মালিক, সম্পাদক, সাংবাদিক ও অনলাইন প্ল্যাটফর্ম–সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অন্যান্য বক্তারা

সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, কালের কণ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ঢাকা ট্রিবিউন সম্পাদক রিয়াজ আহমেদ, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ করিম ও সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ আলোচনা সভার সঞ্চালনা করেন।