মাইক্রোওয়েভ ওভেন: আকস্মিক আবিষ্কার থেকে আধুনিক রান্নার যুগান্তকারী যন্ত্র
আধুনিক ব্যস্ত জীবনে দেশ–বিদেশের মজাদার খাবার রান্না এবং যেকোনো সময় সেগুলো গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন একটি অপরিহার্য যন্ত্রে পরিণত হয়েছে। জীবনযাত্রাকে সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই মাইক্রোওয়েভ ওভেনের আবিষ্কার কিন্তু সম্পূর্ণ আকস্মিকভাবে ঘটেছিল। এক রাডার প্রকৌশলীর পকেটে থাকা চকলেট গলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে এই যুগান্তকারী যন্ত্রটি তৈরি হয়েছিল।
পার্সি স্পেন্সার: মাইক্রোওয়েভ ওভেনের আবিষ্কারক
মাইক্রোওয়েভ ওভেনের আবিষ্কারক হলেন পার্সি স্পেন্সার। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রতিরক্ষাপ্রতিষ্ঠান রেথিয়নে রাডার প্রকৌশলী হিসেবে কাজ করতেন তিনি। তাঁর মূল কাজ ছিল রাডার সিস্টেমের প্রাণ হিসেবে পরিচিত ম্যাগনেট্রন টিউব উৎপাদন সহজ করা। ১৯৪৫ সালে একটি সক্রিয় ম্যাগনেট্রন পরীক্ষা করার সময় স্পেন্সার লক্ষ করেন, তাঁর পকেটে থাকা একটি চকলেটবার গলে গেছে। এই অদ্ভুত ঘটনা তাঁকে ভাবিয়ে তোলে এবং তিনি এর কারণ অনুসন্ধান শুরু করেন।
এরপর তিনি ম্যাগনেট্রনের পাশে পপকর্নের দানা রাখেন। যখন সেগুলো ফুটতে শুরু করল, তখন তিনি নিশ্চিত হন মাইক্রোওয়েভ খাবার গরম করতে পারে। ডিম দিয়ে করা পরবর্তী পরীক্ষায় খোলস ফেটে যাওয়ার পর তিনি রান্নার নতুন পদ্ধতির সন্ধান পান। ১৯৪৫ সালেই রেথিয়ন মাইক্রোওয়েভ কুকিং প্রসেসের জন্য পেটেন্ট আবেদন করে, যা এই যন্ত্রের বিকাশের দিকে প্রথম পদক্ষেপ ছিল।
প্রথম বাণিজ্যিক মাইক্রোওয়েভ ওভেন: রাডারেঞ্জ
১৯৪৭ সালে রেথিয়ন প্রথম বাণিজ্যিক মাইক্রোওয়েভ ওভেন বাজারে আনে, যার নাম দেওয়া হয় রাডারেঞ্জ। এটি ছিল প্রায় ছয় ফুট লম্বা এবং ওজন ছিল ৭৫০ পাউন্ড। এর দাম ছিল প্রায় ৫ হাজার ডলার, যা বর্তমান সময়ের হিসাবে প্রায় ৭৩ হাজার ডলারের সমান। বিশাল আকার ও উচ্চমূল্যের কারণে শুরুতে এটি কেবল সামরিক বাহিনী বা হাসপাতালের রান্নাঘরে ব্যবহৃত হতো, সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল।
গৃহস্থালিতে মাইক্রোওয়েভ ওভেনের আগমন
১৯৫৫ সালে টাপ্পান প্রতিষ্ঠান প্রথম গৃহস্থালিতে ব্যবহারের উপযোগী মাইক্রোওয়েভ ওভেন বাজারে আনলেও উচ্চমূল্যের কারণে তা জনপ্রিয়তা পায়নি। আসল পরিবর্তন আসে ১৯৬০ ও ১৯৭০ দশকে। সে সময় জাপানের একাধিক প্রতিষ্ঠান কম খরচে ম্যাগনেট্রন উৎপাদন শুরু করায় ধীরে ধীরে মাইক্রোওয়েভ ওভেনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসতে থাকে।
১৯৬৭ সালে আমানা প্রথম কমপ্যাক্ট কাউন্টারটপ মডেলের মাইক্রোওয়েভ ওভেন বাজারে আনে। এর দাম ছিল ৪৯৫ ডলার, যা আগের তুলনায় অনেক কম ছিল। ১৯৭৫ সাল নাগাদ মাইক্রোওয়েভ ওভেন ঐতিহ্যবাহী গ্যাস চুলার চেয়ে বেশি বিক্রি হতে শুরু করে। আশির দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের অর্ধেক পরিবারে এ যন্ত্র পৌঁছে যায়, যা আধুনিক রান্নাঘরের একটি মৌলিক অংশে পরিণত হয়।
এই আকস্মিক আবিষ্কার থেকে শুরু করে আজকের অপরিহার্য যন্ত্রে পরিণত হওয়া পর্যন্ত মাইক্রোওয়েভ ওভেনের যাত্রা প্রযুক্তি ও উদ্ভাবনের একটি উজ্জ্বল উদাহরণ। এটি শুধু রান্নার পদ্ধতিই পরিবর্তন করেনি, বরং মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও দ্রুতগতির করেছে।
