ধাবা স্টাইল চিকেন বিরিয়ানি: ছুটির দিনের লোভনীয় সঙ্গী
চারদিকে ছুটির অলসতা—এর মাঝেই ধোঁয়া ওঠা ধাবা স্টাইলের বিরিয়ানি হয়ে ওঠে দিনের সবচেয়ে লোভনীয় সঙ্গী। নরম ভাত, সুস্বাদু মাংস, মশলার ঘ্রাণ আর ঘরোয়া স্বাদের মেলবন্ধন মুহূর্তেই মন ভালো করে দেয়। এমন দিনে এক প্লেট গরম বিরিয়ানি যেন আরাম আর ভালোবাসার সবচেয়ে সহজ সংজ্ঞা। চলুন জেনে নেওয়া যাক ধাবা স্টাইল চিকেন বিরিয়ানি তৈরির সহজ পদ্ধতি, যা আপনার রান্নাঘরকে মশলার সুবাসে ভরিয়ে তুলবে।
উপকরণের তালিকা
মাংসের জন্য:
- মুরগির মাংস – সোয়া ১ কেজি
- পেঁয়াজ কুচি – ১টি (মাঝারি)
- তেজপাতা – ২-৩টি
- দারুচিনি – ৪-৫ টুকরো
- লবঙ্গ – ৮টি
- গোল মরিচ – ৭-৮টি
- এলাচ – ২-৩টি
- ধনিয়া গুঁড়া – ১ টেবিল চামচ
- কাশ্মিরি মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
- হলুদ – আধা টেবিল চামচ
- জিরা গুঁড়া – আধা টেবিল চামচ
- গরম মসলা গুঁড়া – ১ টেবিল চামচ
- আদা বাটা – ১ টেবিল চামচ
- রসুন বাটা – ১ টেবিল চামচ
- কাঁচা মরিচ – ৫-৬টি (চেরা)
- টক দই – ১ কাপ
- ধনিয়া পাতা কুচি – ৩ টেবিল চামচ
- পুদিনা পাতা কুচি – ১ টেবিল চামচ
- লবণ – স্বাদমতো
- তেল – ৪ টেবিল চামচ
ভাতের জন্য:
- বাসমতি চাল – ৩ কাপ (ভিজানো)
- লবণ – স্বাদমতো
- শাহি জিরা – ১ চা চামচ
- তেজপাতা – ১টি
- দারুচিনি – ২-৩ টুকরো
- এলাচ – ২-৩টি
- গোল মরিচ – ১ চা চামচ
- ধনিয়া পাতা – ১ টেবিল চামচ
- পুদিনা পাতা – ১ টেবিল চামচ
- লেবুর রস – আধা লেবুর
শেষে দেওয়ার জন্য:
- ঘি – ১ টেবিল চামচ
- ভাজা পেঁয়াজ – ২ টেবিল চামচ
- ফুড কালার – সামান্য
- ধনিয়া ও পুদিনা পাতা – অল্প
প্রস্তুত প্রণালী: ধাপে ধাপে
ধাপ ১: মাংস রান্না
চুলায় একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোল মরিচ ও এলাচ দিয়ে ভেজে নিন। পেঁয়াজ লালচে হলে মুরগির মাংস দিন। এরপর সব গুঁড়া মসলা, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। টক দই, ধনিয়া পাতা ও পুদিনা পাতা দিয়ে আবার মিশিয়ে ঢেকে অল্প আঁচে প্রায় ২৫ মিনিট রান্না করুন।
ধাপ ২: ভাত প্রস্তুত
অন্য পাত্রে পানি ফুটিয়ে তাতে লবণ, শাহি জিরা, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোল মরিচ, ধনিয়া ও পুদিনা পাতা দিন। ভেজানো বাসমতি চাল দিয়ে লেবুর রস মিশিয়ে ৬ মিনিট রান্না করুন। ভাত আধা সেদ্ধ হলে নামিয়ে পানি ঝরিয়ে রাখুন।
ধাপ ৩: দম দেওয়া
মাংস থেকে এক বাটি ঝোল তুলে রাখুন। মাংসের ওপর আধা সেদ্ধ ভাত ছড়িয়ে দিন। ওপরে তুলে রাখা ঝোল ও সামান্য ফুড কালার ছড়িয়ে দিন। ঘি, ভাজা পেঁয়াজ ও ধনিয়া-পুদিনা পাতা ছড়িয়ে ঢেকে দিন। অল্প আঁচে ১৫–২০ মিনিট দমে রাখুন।
ধাপ ৪: পরিবেশন
২০ মিনিট পর ঢাকনা খুলে হালকা নেড়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ধাবা স্টাইল চিকেন বিরিয়ানি। এই সহজ রেসিপি অনুসরণ করে আপনি বাড়িতেই তৈরি করতে পারেন রেস্তোরাঁর মতো স্বাদের বিরিয়ানি, যা পরিবার ও বন্ধুদের মুগ্ধ করবে।



