গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে বৃষ্টি হয়েছে, তবে তা খুব বেশি ছিল না। জুন মাসে বায়ুদূষণ সাধারণত কম থাকে। তবুও আজ বুধবার সকালে বিশ্বের ১২২টি নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ।
ঢাকার বায়ুর মান কেমন?
আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান ১৩৪। এই মানকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়। সংবেদনশীল জনগোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ ব্যক্তিরা। রাজধানীর আটটি স্থানের বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ।
বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কাম্পালা
আজ বিশ্বে বায়ুদূষণে শীর্ষে আছে উগান্ডার কাম্পালা, যেখানে বায়ুর মান ১৭৩। সার্বিকভাবে আজ বায়ুদূষণ কম। সাধারণত এপ্রিলের পর থেকে বাতাসের মান ভালো হতে থাকে। বৃষ্টি হলে দ্রুত বাতাসের মান উন্নত হয়।
ঢাকার সবচেয়ে দূষিত এলাকাগুলো
আজ নগরীর আট এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে শীর্ষে আছে আগারগাঁও এলাকা, যার বায়ুমান ১৪৭। বায়ুর মান ১৫০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আগারগাঁওয়ের পর দূষণের তালিকায় আছে বারিধারা পার্ক রোড (১৪৫), বারিধারা লেক সাইড (১৩৯), গুলশান লেক পার্ক (১৩৭), বেচারাম দেউড়ি (১২৩), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১২৩), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১১২) ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১০২)।
নগরবাসীর করণীয়
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর মান বিবেচনায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।



