তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ডের টাকা প্রত্যেকটি পরিবারের নারী সদস্যদের মধ্যে একটি ক্ষমতায়ন তৈরি করবে। শনিবার (১৬ মে) বিকালে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ
জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় নির্বাচনে বরিশাল-১ আসনের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া। তিনি আরও বলেন, তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো সেদিন প্রতিদ্বন্দ্বী অনেক রাজনৈতিক দল ব্যঙ্গ-বিদ্রুপ করেছিল। সেই ব্যঙ্গ-বিদ্রুপ সহ্য করেই জাতীয় নির্বাচনে প্রতিশ্রুতিগুলো দিতে হয়েছিল। অতীতের সেই প্রতিশ্রুতি ইতোমধ্যে পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন শুরু হয়েছে।
ধর্মীয় নেতাদের কার্ড
বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানি ভাতার আওতায় আনতে তাদের কার্ড দেওয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমরা সেভাবে প্রক্রিয়া শুরু করেছি। প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হচ্ছে এই কার্ড বণ্টন।
প্রকল্পের অগ্রগতি
গৌরনদী উপজেলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত সারা দেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় এসেছে। এর মধ্যে গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ৫নং ওয়ার্ড রয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানের অন্যান্য বক্তা
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কার্ড বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপনসহ অন্যরা।



