বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে বিচ্ছেদের আবেদন করে বিশ্বরেকর্ড গড়েছেন এক নববধূ। ঘটনাটি কুয়েতের একটি আদালত প্রাঙ্গণে ঘটে। নবদম্পতি আদালত ভবন থেকে বের হওয়ার সময় নববধূ হোঁচট খেয়ে পড়তে যান। তখন তাঁর সদ্য বিবাহিত স্বামী তাঁকে সাহায্য না করে 'স্টুপিড' বলে কটাক্ষ করেন। এই আচরণে ক্ষুব্ধ হয়ে স্ত্রী তাৎক্ষণিকভাবে আদালতে ফিরে যান এবং বিচারকের কাছে বিয়ে বাতিলের আবেদন জানান। বিচারক দ্রুত সেই আবেদন মঞ্জুর করেন। ফলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর থেকে বিচ্ছেদের আবেদন করতে সময় লেগেছিল মাত্র তিন মিনিট। এটি বিশ্বের সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া
খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই নববধূর সিদ্ধান্তকে সমর্থন করেন। তাঁদের মতে, বিয়ের শুরুতেই যদি একজন ব্যক্তি অপমানজনক আচরণ করেন, তাহলে ভবিষ্যতে সম্পর্ক আরও খারাপ হতে পারে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, 'সেই মুহূর্তে তিনি সেরা সিদ্ধান্তটাই নিয়েছেন। যে দাম্পত্য জীবন সম্মান ছাড়াই শুরু হয়, সেটি টিকিয়ে রাখার কোনো মানে নেই।' আরেকজন লেখেন, 'সাহসী নারী, আপনাকে স্যালুট। আপনার জীবন অনেক সুন্দর হোক। যে নারীরা অসম্মানের সম্পর্কে থাকবেন কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তাঁদের জন্য আপনি আদর্শ। পৃথিবীতে আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই।'
পারস্পরিক সম্মানের গুরুত্ব
এ ঘটনা আবারও মনে করিয়ে দিল একটি সম্পর্কে পারস্পরিক সম্মান ও সহানুভূতি কতটা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বিয়ের শুরুতেই যদি অসম্মানজনক আচরণ দেখা যায়, তবে তা ভবিষ্যতে সম্পর্কের জন্য বড় সংকেত হতে পারে। নববধূর দ্রুত সিদ্ধান্ত অনেকের কাছে প্রশংসিত হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



