বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর মন বলে ওঠে—খিচুড়ি খিচুড়ি। বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্ক যেন এক অনন্য বন্ধন। কিন্তু কেন এমনটা হয়? বৃষ্টি হলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? এই মুখরোচক খাবারের নানা ধরন রয়েছে—কেউ পছন্দ করেন পোলাওর চাল ও মুগ ডালের ভুনা খিচুড়ি, কেউ আবার ঝোলসমেত পাতলা ল্যাটকা খিচুড়ি। অনেকে সবজি বা মাংস মিশিয়েও খিচুড়ি তৈরি করেন।
খিচুড়ির ঐতিহাসিক পটভূমি
মূলত খিচুড়ি ছিল বাউলদের খাবার। পথে ঘাটে গান করে ঘুরে বেড়াতেন বাউলরা। সে সময় বাড়ি বাড়ি ঘুরে গান শোনাতে গেলে লোকজন তাঁদের চাল-ডাল দিত। সেগুলো একসঙ্গে মিশিয়ে বাউলেরা রান্না করে খেতেন, যার নাম হয় খিচুড়ি।
বৃষ্টির দিনে খিচুড়ির প্রচলন
এক সময় গ্রামাঞ্চলে বর্ষায় চারপাশ অথৈ পানিতে ভরে যেত। ঘর থেকে বের হয়ে বাজারে যাওয়া কষ্টকর ছিল। তাই ঘরে থাকা চাল ও ডাল দিয়ে গৃহিণীরা খিচুড়ি রান্না করতেন। বৃষ্টিতে কাঠ ভিজে গেলে রান্নায় সময় লাগে, তাই চাল-ডাল দিয়ে সহজেই খিচুড়ি তৈরি করা যেত। কখনও কখনও গাছের সবজি বা আলু কেটে মিশিয়ে দেওয়া হতো, তৈরি হতো সবজি খিচুড়ি। ঝড়-বৃষ্টির মধ্যে সহজে ও কম সময়ে রান্নার জন্য খিচুড়ি ছিল উপযুক্ত পদ। বহু বছরের এই ঐতিহ্য একসময় অলিখিত নিয়মে পরিণত হয়।
নগরজীবনে খিচুড়ির আবেদন
ব্যস্ত নগরজীবনে বৃষ্টির দিন সাময়িক বিরতি এনে দেয়, আর সেই অবসরে সহজ ও আরামদায়ক খাবার হিসেবে খিচুড়ি হয়ে ওঠে প্রথম পছন্দ। পুষ্টিবিদদের মতে, বৃষ্টির দিনে তাপমাত্রা কমে যাওয়ায় শরীর গরম খাবারের প্রতি আকৃষ্ট হয়। খিচুড়ি নরম ও সহজপাচ্য হওয়ায় এটি শরীরের জন্য উপযোগী। পাশাপাশি এতে থাকা কার্বোহাইড্রেট ও প্রোটিন শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়।
শৈশবের স্মৃতি ও খিচুড়ি
বৃষ্টি হলেই শৈশবের স্মৃতিচারণ মনে করেন অনেকে। মায়ের হাতে রান্না করা খিচুড়ি ভেসে ওঠে মনের মধ্যে। তাই বৃষ্টি হলেই ইচ্ছে করে খিচুড়ি খেতে। খিচুড়ি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, হজমে অনেকটা সময় নেওয়ায় এটি বৃষ্টির দিনের জন্য উপযুক্ত খাবার।



