মুড়ি দিয়ে তৈরি সুস্বাদু ভাপা পিঠা: সহজ রেসিপি
মুড়ি দিয়ে ভাপা পিঠা: সহজ রেসিপি

ভাপা পিঠা মানেই চালের গুঁড়া, নারকেল আর গুড়ের পরিচিত স্বাদ। তবে জানেন কি, চালের গুঁড়া ছাড়াও মুড়ি দিয়ে তৈরি করা যায় দারুণ নরম ও সুস্বাদু ভাঁপা পিঠা? ঘরে থাকা সহজ কিছু উপকরণেই অল্প সময়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এই পিঠা। বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে নতুনত্ব আনতে চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন।

উপকরণ

ব্যাটারের জন্য

  • মুড়ি – ২ কাপ
  • সুজি – ১/২ কাপ
  • জাল করা দুধ – ২ ও ১/২ কাপ
  • লবণ – স্বাদমতো
  • বেকিং পাউডার – ১/২ চা-চামচ

পুরের জন্য

  • কোরানো নারকেল – পরিমাণমতো
  • গুড় – স্বাদমতো

তৈরির পদ্ধতি

প্রথমে মুড়ি মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে নিন। একটি পাত্রে গুঁড়ো করা মুড়ি, সুজি, লবণ ও জাল করা দুধ একসঙ্গে মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট ঢেকে রাখুন।

এদিকে কোরানো নারকেল ও গুড় একসঙ্গে জাল দিয়ে সুস্বাদু পুর তৈরি করে নিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিশ্রণটি কিছুটা সেট হয়ে এলে এতে বেকিং পাউডার মিশিয়ে নিন। এরপর ছোট স্টিলের বাটিতে হালকা তেল ব্রাশ করে প্রথমে কিছু ব্যাটার ঢালুন। মাঝখানে নারকেলের পুর দিয়ে আবার ব্যাটার ঢেলে পুরটি ঢেকে দিন।

একটি কড়াইয়ে পানি গরম করে স্ট্যান্ড বসিয়ে বাটিগুলো রাখুন। ঢাকনা দিয়ে মাত্র ৫ মিনিট ভাপে রান্না করুন।

পরিবেশন

পিঠা ভাপানো হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে বাটি থেকে বের করুন। চাইলে ওপর থেকে সামান্য নারকেল কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সহজ উপকরণে তৈরি এই মুড়ির ভাপা পিঠা একবার খেলে এর স্বাদ দীর্ঘদিন মনে থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ