ভাবুন তো, লেবুর টক আর গোলমরিচের ঝাঁঝালো ফ্লেভারযুক্ত চিকেন, যেন এক কামড়েই মুখে পার্টি শুরু! এই লেমন পেপার চিকেন এমনই এক রেসিপি, যা খেতে শুরু করলে আরেকটু নেবো বলতে বলতে প্লেট ফাঁকা হয়ে যায়। আর ডায়েট প্ল্যানও কিছুক্ষণ ছুটি নিয়ে নেয়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার লেমন পেপার চিকেন তৈরি করবেন।
প্রস্তুতি প্রণালি
প্রথমে একটি বড় বাটিতে প্রায় ছোট আকারে আট টুকরো করে কাটা হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে। এতে মেশাতে হবে এক কাপ টক দই, এক টেবিল চামচ রসুন বাটা বা গুড়ো, এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবং ভেজে গুঁড়ো করা এক টেবিল চামচ জিরা।
এরপর স্বাদ অনুযায়ী লবণ যোগ করতে হবে। সঙ্গে গ্রেট করা কিছু লেবুর খোসা ও অল্প লেবুর রস দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। এরপর মুরগির মাংসটি ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে সব ফ্লেভার ভালোভাবে ঢুকে যায়।
রান্নার ধাপ
এবার একটি কড়াই চুলায় বসিয়ে তাতে প্রয়োজনমতো রান্নার তেল গরম করতে হবে। তেল গরম হলে এতে দিতে হবে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, একটু জিরা এবং এক টেবিল চামচ আদা বাটা। সবকিছু হালকা ভাজা হলে এতে যোগ করতে হবে ম্যারিনেট করা মুরগির মাংস।
এবার ভালোভাবে নেড়েচেড়ে কড়াই ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না মুরগি প্রায় সেদ্ধ হয়ে আসে। সেদ্ধ হয়ে এলে এতে যোগ করতে হবে দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।
এরপর এক কাপ পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার ঢেলে দিতে হবে কড়াইয়ে। মাঝারি আঁচে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না ঝোল ঘন ও মাখা মাখা হয়ে আসে এবং ওপর থেকে হালকা তেল উঠতে শুরু করে।
পরিবেশন
রান্না হয়ে গেলে নামিয়ে গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন দারুণ এই লেমন পেপার চিকেন। টক, ঝাল আর ক্রিমি স্বাদের এই কম্বিনেশন যে কারও মন জয় করবে—এটা নিশ্চিত!



