চেনা মুরগির মাংসকে নতুন স্বাদে উপস্থাপন করতে চাইলে তৈরি করা যায় ‘দই চিকেন’। মশলা ও টক দইয়ের অনন্য মিশেলে তৈরি এই চিকেন রেসিপি ভিন্ন এক ঘরোয়া স্বাদ এনে দেয়। চলুন জেনে নেওয়া যাক এর রন্ধন প্রণালি।
উপকরণ ও প্রস্তুতি
প্রথমে মুরগির মাংস লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর ব্লেন্ডারে আদা, রসুন, কাঁচা মরিচ এবং কাজুবাদাম দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করতে হবে।
রান্নার পদ্ধতি
মেরিনেট করা মুরগির মাংস হালকা ভেজে তুলে রাখতে হবে। একই তেলে গোটা গরম মসলা ও গোলমরিচ ফোঁড়ন দিয়ে কুচি করা পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হলে এতে আগে তৈরি করা মসলা পেস্ট যোগ করতে হবে। এরপর লবণ, গোলমরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে কষাতে হবে।
এখন ফেটানো টক দই ও ভাজা মুরগির মাংস মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবশেষে ভাজা জিরা, দারুচিনি গুঁড়া ও ভাজা শুকনো মরিচ গুঁড়া ছড়িয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। ঝোল মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করতে হবে।
এই সহজ রেসিপিতেই তৈরি হয়ে যাবে সুস্বাদু দই চিকেন—চেনা মুরগির একেবারে অচেনা ও নতুন স্বাদের অভিজ্ঞতা।



