ঘরেই তৈরি করুন ক্রিমি ম্যাঙ্গো ইয়োগার্ড
মাত্র তিনটি সহজ উপকরণ ব্যবহার করেই খুব অল্প সময়ে ঘরে তৈরি করা যায় সুস্বাদু ও ক্রিমি ম্যাঙ্গো ইয়োগার্ড। ঝামেলাহীন এই ডেজার্টটি যেমন তৈরি করা সহজ, তেমনি খেতেও দারুণ মজাদার ও সতেজ। গরমের দিনে ঠান্ডা পরিবেশনায় এটি হতে পারে পরিবারের জন্য একটি পারফেক্ট হেলদি ও টেস্টি ডেজার্ট অপশন, যা শিশু থেকে বড়—সবাই সমানভাবে উপভোগ করতে পারে।
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি পরিষ্কার সুতি কাপড়ে আড়াই কাপ টক দই নিয়ে ঝুলিয়ে দুই ঘণ্টা রেখে দিন, যাতে এর ভেতরের অতিরিক্ত পানি ঝরে যায়। এরপর একটি বড় পাকা আম নিয়ে এর পাল্প বের করে ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।
এবার একটি পাত্রে পানি ঝরানো দই, আমের পেস্ট এবং এক কাপ কনডেন্স মিল্ক একসঙ্গে নিন। তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। এরপর একটি স্টিল বা কাঁচের পাত্রে মিশ্রণটি ঢেলে সমান করে নিন।
এরপর একটি বড় কড়াই বা হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে গরম করুন। সেই কড়াইয়ের ওপর মিশ্রণের পাত্রটি রেখে ঢাকনা দিয়ে ৩০ মিনিট ভাপে রান্না করুন। ৩০ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন এবং পরে ৩০ মিনিট ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নিন।
ঠান্ডা হয়ে গেলে পরিবেশন পাত্রে ঢেলে ওপর থেকে পাকা আমের কুচি, বাদাম কুচি ও কিশমিশ ছড়িয়ে দিন। এখন কেকের মতো স্লাইস করে কেটে পরিবেশন করুন দারুণ মজাদার ক্রিমি ম্যাঙ্গো ইয়োগার্ড।



