অর্থনীতি: এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
অর্থনীতি: এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

এসএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য অর্থনীতি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

বিনিয়োগ বলতে কী বোঝায়?

মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে বিনিয়োগ বলে। মনে করো, একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লাখ টাকার মূলধন সামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর জন্য আরও ৫০ হাজার টাকা ওই কারখানায় ব্যবহৃত হলো। অতিরিক্ত এ ৫০ হাজার টাকা হলো বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়।

অর্থনৈতিক কার্যাবলি কী?

মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্য করে থাকে, তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন: শ্রমিকেরা কলকারখানায় কাজ করেন, কৃষক জমিতে কাজ করেন, ডাক্তার রোগীদের চিকিৎসা দান করেন, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করেন—এগুলো হলো অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ-অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বোঝায়?

যেসব অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না, তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। যেমন—পিতামাতার সন্তান লালন-পালন, শখের বশে খেলাধুলা করা, ধার্মিক লোকের ধর্মচর্চা ইত্যাদি অ-অর্থনৈতিক কাজের উদাহরণ। এ ছাড়া যেসব কাজে সমাজে বিরূপ ফল বা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, সেসব কাজ অ-অর্থনৈতিক কাজ। যেমন—চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি ইত্যাদি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপযোগ কী?

অর্থনীতিতে একটি বহুল ব্যবহৃত মৌলিক ধারণা হচ্ছে উপযোগ। সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতা বোঝায়। অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতা বোঝানো হয়। এখানে উপযোগের সঙ্গে ভালো-মন্দ বা ন্যায়-অন্যায়ের প্রশ্ন জড়িত থাকে না। উপযোগ একটি মানসিক ধারণা।

ভোগ ও ভোক্তা বলতে কী বোঝায়?

ভোগ: সাধারণ কথায় ভোগ বলতে কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তা নিঃশেষ করা বোঝায়। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কোনো দ্রব্য একেবারে নিঃশেষ বা ধ্বংস করতে পারে না। ব্যবহারের মাধ্যমে দ্রব্যের রূপান্তর ঘটে মাত্র। তাই অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলা হয়।
ভোক্তা: যে ব্যক্তি ভোগ করে, তাকে আমরা ভোক্তা বলি। অর্থাৎ কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্যসব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে, তাকে ভোক্তা বলা হয়।

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কী বোঝায়?

মোট উপযোগ: কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে যে বিভিন্ন পরিমাণ উপযোগ পাওয়া যায়, তার সমষ্টিকে মোট উপযোগ বলা হয়।
প্রান্তিক উপযোগ: একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করে একজন ভোক্তা যে অতিরিক্ত পরিমাণ উপযোগ লাভ করে, তাকে প্রান্তিক উপযোগ বলে।

চাহিদার সংজ্ঞা দাও। চাহিদার বিধিটি কী?

সাধারণ অর্থে, কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। অর্থনীতিতে নিছক আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না; বরং ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য ও নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে।
চাহিদা বিধি: যে বিধির সাহায্যে দাম ও চাহিদার মধ্যে ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয়, তাকে 'চাহিদা বিধি' বলে। 'কোনো নির্দিষ্ট সময় পণ্যের দাম কমলে তার চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে' দ্রব্যের দাম ও চাহিদার এ নিয়মই হলো চাহিদা বিধি।

লেখক: মেজবাহউদ্দিন আহমেদ, প্রভাষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা।