আন্দালুস বিজয়ের স্মৃতি মরক্কোর তারেক বিন জিয়াদ মসজিদ
আন্দালুস বিজয়ের স্মৃতি মরক্কোর তারেক বিন জিয়াদ মসজিদ

মরক্কোর পাহাড়ঘেরা শারাফাত গ্রামের নীরব প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস। এটি শুধু একটি মসজিদ নয়; বরং ইসলাম প্রচার, জ্ঞানচর্চা, দাওয়াহ ও স্বাধীনতা সংগ্রামের এক গৌরবোজ্জ্বল সাক্ষী। প্রায় তেরো শতাব্দী আগে প্রখ্যাত মুসলিম বিজেতা ও আন্দালুস জয়ের নায়ক তারেক বিন জিয়াদের হাতে নির্মিত এই মসজিদ আজও মরক্কোর ইসলামী ঐতিহ্যের উজ্জ্বল প্রতীক হিসেবে টিকে আছে।

ইসলামের আলো ছড়ানোর এক ঐতিহাসিক কেন্দ্র

মরক্কোর শেফশাউন প্রদেশের শারাফাত গ্রামে অবস্থিত তারেক বিন জিয়াদ মসজিদ প্রতিষ্ঠিত হয় ৮৫ হিজরি (৭০৪ খ্রিস্টাব্দ) সালে। তখন টাঙ্গিয়ারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিংবদন্তি মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ। ইতিহাসবিদদের মতে, এটিই মরক্কোর সবচেয়ে প্রাচীন মসজিদ, যেখানে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে জামাতে নামাজ আদায় হয়ে আসছে।

শুধু ইবাদতের স্থান হিসেবেই নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এই মসজিদ ছিল ইসলামী শিক্ষা ও জ্ঞানচর্চার এক প্রধান কেন্দ্র। এর সংলগ্ন মাদ্রাসা থেকে অসংখ্য আলেম, গবেষক, ফকিহ ও দায়ী বের হয়েছেন, যারা পরবর্তীকালে মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থাপত্যে ইতিহাসের ছাপ

সাদা ও নীল রঙের সুউচ্চ মিনার, লাল টালির ছাদ এবং পাহাড়ি পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নান্দনিক স্থাপত্য এই মসজিদকে দিয়েছে আলাদা সৌন্দর্য। মসজিদের পাশে থাকা কিছু প্রাচীন ধ্বংসাবশেষকে গবেষকরা মূল কাঠামোর অংশ বলে মনে করেন।

আন্দালুস বিজয়ের আগে তারেক বিন জিয়াদের সময়কার খুব কম স্থাপনা আজও টিকে আছে। সেই বিবেচনায় এই মসজিদ শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং মুসলিম ইতিহাসের এক অমূল্য দলিল।

‘মারুফ’— মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত

এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে ‘মারুফ’ নামের এক অনন্য সামাজিক ব্যবস্থা। ঐতিহ্যগতভাবে এখানে কোরআন হিফজ করতে আসা দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা ও খাবারের দায়িত্ব নিত স্থানীয় পরিবারগুলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মসজিদের সাবেক শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, যেসব পরিবার সওয়াবের আশায় শিক্ষার্থীদের সহযোগিতা করতে চাইত, তাদের একটি তালিকা রাখা হতো। শিক্ষক প্রয়োজন অনুযায়ী সেই পরিবারগুলোর কাছে শিক্ষার্থীদের দায়িত্ব দিতেন। শিক্ষার্থীরা মসজিদের ছাত্রাবাসে থাকত, আর স্থানীয় পরিবারগুলো তাদের খাবারের ব্যবস্থা করত।

ইলম ও আলেমদের চারণভূমি

দীর্ঘ সময় ধরে এই মসজিদ ছিল ইসলামী জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। এখানে পবিত্র কোরআন, আরবি ভাষা, আকাইদ, হাদিস, ফিকহ, তাফসির, তাজবিদ, ব্যাকরণ এবং সুফি দর্শনের পাঠদান করা হতো।

একসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী একসঙ্গে এখানে ইলম অর্জনের জন্য আসতেন। মসজিদের উন্মুক্ত জ্ঞানচর্চার আসরে ইবনে মালিকের ‘আলফিয়াহ’সহ বিভিন্ন ক্লাসিক ইসলামী গ্রন্থ পাঠ ও ব্যাখ্যা করা হতো।

এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণকারী বহু আলেম পরবর্তীতে বিচার বিভাগ, শরিয়াহ শিক্ষা ও সাহিত্যাঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

স্বাধীনতা সংগ্রামের নীরব ঘাঁটি

তারেক বিন জিয়াদ মসজিদের ইতিহাস শুধু ইবাদত ও শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। স্প্যানিশ উপনিবেশবাদের বিরুদ্ধে মরক্কোর স্বাধীনতা আন্দোলনেও এই মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

১৯২০-এর দশকে স্বাধীনতাকামী মুজাহিদরা এই মসজিদের আঙিনায় বসেই স্প্যানিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতেন। এখান থেকেই পরিচালিত হয় ঐতিহাসিক আল-কুল্লা যুদ্ধ, যেখানে ঔপনিবেশিক বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল।

তারেক বিন জিয়াদের হাতে নির্মিত ঐতিহাসিক স্থাপনা

শারাফাত অঞ্চলটি রিফ পর্বতমালার দুটি পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি প্রাকৃতিক দুর্গ। কৌশলগত কারণে এটি তারেক বিন জিয়াদের সেনাবাহিনীর অন্যতম প্রধান সমাবেশস্থলে পরিণত হয়েছিল।

স্থানীয় অধিবাসীদের ইসলাম গ্রহণ এবং সৈন্যদের প্রয়োজন মেটাতে তিনি নিজ হাতে এই মসজিদ নির্মাণ করেন। একই সঙ্গে উত্তর মরক্কোর বিভিন্ন বার্বার গোত্রের মধ্যে ইসলাম প্রচারেও তিনি অসামান্য ভূমিকা পালন করেন।

ইতিহাসবিদদের মতে, এই অঞ্চলের মানুষ ইসলাম গ্রহণের পর এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে তারা তারেক বিন জিয়াদের সঙ্গে আন্দালুস বিজয়ের অভিযানে অংশ নেয় এবং ইসলামের পতাকা উড্ডীন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

গৌরবময় অতীত, কিছুটা অবহেলিত বর্তমান

মসজিদটির গুরুত্ব উপলব্ধি করে মরক্কোর সুলতান মৌলে হাসান আল-আউয়াল ১৮৮৬ সালে এবং রাজা দ্বিতীয় হাসান ১৯৬২ সালে এটি পরিদর্শন করেছিলেন।

২০১৯ সালে মরক্কোর সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয় মসজিদটিকে জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়। তবে একই বছরে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণ দেখিয়ে এর ঐতিহ্যবাহী ধর্মীয় ইনস্টিটিউট বন্ধ করে দেওয়া হয়।

এর ফলে শতাব্দীপ্রাচীন এই জ্ঞানকেন্দ্র তার অনেক কার্যক্রম হারালেও মসজিদটি এখনও ইসলামী শিক্ষা ও কোরআন হিফজের ঐতিহ্য বহন করে চলছে। প্রতি বছর এখান থেকে বহু শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়ে বের হচ্ছে।

ইতিহাসের এক জীবন্ত স্মারক

তারেক বিন জিয়াদ মসজিদ কেবল একটি স্থাপনা নয়; এটি ইসলামের দাওয়াহ, জ্ঞানচর্চা, মানবিকতা, জিহাদ ও স্বাধীনতার সংগ্রামের এক জীবন্ত ইতিহাস। যুগের পর যুগ ধরে এই মসজিদ মুসলিম সভ্যতার গৌরবময় স্মৃতি বহন করে আসছে। যথাযথ সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে এই ঐতিহ্যবাহী স্থাপনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে তুলে ধরা সময়ের দাবি।