তাবুক যুদ্ধ: তিন সাহাবির সত্য ও তওবার শিক্ষণীয় কাহিনি
তাবুক যুদ্ধ: তিন সাহাবির সত্য ও তওবার শিক্ষণীয় কাহিনি

ইসলামের ইতিহাসে কঠিনতম যুদ্ধগুলোর একটি হলো তাবুক যুদ্ধ। প্রচণ্ড গরম, দীর্ঘ পথ, খাদ্য ও বাহনের সংকট—সবকিছু মিলিয়ে এটি ছিল সাহাবিদের ঈমান ও ত্যাগের বাস্তব পরীক্ষা। এই অভিযানে অধিকাংশ সাহাবি অংশগ্রহণ করলেও তিনজন সত্যনিষ্ঠ সাহাবি অনুপস্থিত থেকে যান। তাঁরা হলেন কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি ও হিলাল ইবনে উমাইয়া (রা.)।

প্রথম শিক্ষা: সৎকাজে বিলম্ব না করা

কাব ইবনে মালিক (রা.) নিজেই এই ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, তাবুক অভিযানের সময় তাঁর কোনো অভাব ছিল না। আগের যে-কোনো সময়ের চেয়ে তিনি বেশি সচ্ছল ছিলেন তখন। তবুও ‘আজ যাবো, কাল যাবো’ করতে করতে দেরি করে ফেলেন। একসময় দেখলেন, রাসুল (সা.) ও সাহাবিরা যুদ্ধের জন্য রওনা হয়ে গেছেন।

শিক্ষা: সৎকাজে বিলম্ব করা অনুচিত। এতে অনেক সময় পুরো কাজটিই বিনষ্ট হয়ে যায়। কেবল ভালো কাজের ইচ্ছা থাকলেই হয় না, দ্রুত তা কাজে রূপ দিতে হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয় শিক্ষা: সত্যের পথে অটল থাকা

অন্য দুই সাহাবিও একইভাবে পিছিয়ে পড়েন। তাঁরা কেউই মুনাফিক ছিলেন না; বরং ছিলেন প্রকৃত ঈমানদার ও সৎ মানুষ। তবু মানুষের জীবনে কখনো কখনো দুর্বলতা এসেই যায়। প্রকৃত ঈমানদারও ভুল করতে পারে, তবে তাঁর আসল পরিচয় হলো ভুলের ওপর স্থির না থাকা এবং আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করা।

তারা কোনো অজুহাত দেননি, বরং সত্য স্বীকার করেন। কাব ইবনে মালিক (রা.) বলেন, ‘আমি বুঝেছিলাম, মিথ্যা বলে সাময়িক মুক্তি পেতে পারি, কিন্তু আল্লাহর কাছে এর কী জবাব দেব?’

তাবুক থেকে ফিরে নবীজি (সা.) মদিনায় পৌঁছালে মুনাফিকরা এসে একে একে মিথ্যা অজুহাত পেশ করতে থাকে। এতে তারা বাহ্যিকভাবে রেহাই পেয়ে যায়। কিন্তু এই তিন সাহাবি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেন। শিক্ষা: সত্য কখনো কখনো সাময়িক কষ্টের কারণ হলেও শেষ পর্যন্ত এটিই মুক্তির একমাত্র পথ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃতীয় শিক্ষা: সামাজিক শৃঙ্খলা রক্ষায় কঠোর সিদ্ধান্ত

রাসুল (সা.) সব সত্য শুনেও তাৎক্ষণিকভাবে তাঁদের ক্ষমা করেননি। বরং আল্লাহর নির্দেশের অপেক্ষায় সামাজিকভাবে তাদের বয়কট করার আদেশ দেন। সাহাবিদের সবাই তাঁদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এটি ছিল অত্যন্ত কঠিন সামাজিক ও মানসিক পরীক্ষা। শিক্ষা: সামাজিক শৃঙ্খলা রক্ষায় কখনো কঠোর সিদ্ধান্তেরও প্রয়োজন হয়, তবে তা শেষ পর্যন্ত কল্যাণই বয়ে আনে।

চতুর্থ শিক্ষা: গুনাহের পর প্রকৃত অনুশোচনা

এই বয়কট চলে টানা ৫০ দিন। কাব ইবনে মালিক (রা.) বলেন, ‘সেসময় পৃথিবী এত বিশাল হওয়া সত্ত্বেও আমার কাছে তা সংকীর্ণ মনে হচ্ছিল।’ তাদের জীবনে নেমে আসে গভীর অনুশোচনা, আত্মসমালোচনা ও আল্লাহর দিকে পূর্ণ প্রত্যাবর্তনের মনোভাব। হিলাল ইবনে উমাইয়া (রা.) ছিলেন বৃদ্ধ। তিনি অধিকাংশ সময় কেঁদে কেঁদে কাটাতেন। শিক্ষা: গুনাহের পর প্রকৃত অনুশোচনা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং তাকে করে আল্লাহর আরও নিকটবর্তী।

পঞ্চম শিক্ষা: ঈমানের ওপর অটল থাকা

এই সময়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। কাব ইবনে মালিক (রা.)-এর কাছে শাম দেশের এক খ্রিষ্টান রাজা চিঠি পাঠায়, এতে তাকে মদিনা ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেয়। তিনি সঙ্গে সঙ্গে সেই চিঠি পুড়িয়ে ফেলেন। শিক্ষা: মুমিনরা বিপদের সময়ও নিজের ঈমানের ওপর অটল থাকে, এ বিষয়ে কারো সঙ্গে আপস করে না।

ষষ্ঠ শিক্ষা: আল্লাহর রহমত দেরিতে আসতে পারে, তবে সুন্দরভাবে আসে

অবশেষে ৫০ দিন পর আল্লাহ–তাআলা তাদের তওবা কবুল করেন। কোরআনের সুরা তওবার ১১৮ নম্বর আয়াতে তাদের ক্ষমার ঘোষণা আসে। রাসুল (সা.) সাহাবিদের মাধ্যমে এই সুসংবাদ তাদের নিকট পৌঁছে দেন। কাব ইবনে মালিক (রা.) আনন্দে সেজদায় লুটিয়ে পড়েন। পুরো মদিনা আনন্দে মুখর হয়ে ওঠে। শিক্ষা: আল্লাহর রহমত দেরিতে আসতে পারে, তবে তা যে সবচেয়ে সুন্দর পদ্ধতিতে আসবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। (সহিহ বুখারি, হাদিস: ৪৪১৮, সুনানে আবু দাউদ, হাদিস: ২৭৭৩)