হামজা-জামালদের নতুন কোচ নিয়োগ নিয়ে শেষপ্রান্তে পৌঁছে গেছেন বাফুফের কর্মকর্তারা। আপাতত তারা ১০ জন কোচের একটি সংক্ষিপ্ত তালিকা নিয়ে কাজ করছেন। এরই মধ্যে কয়েকজনের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। আগেই সবার কাছ থেকে বেতন চাওয়া হয়েছিল। এখন চলছে শেষ মুহূর্তের আলোচনা। যদিও আজই আগে থেকে বলা তিন দিনের সময় শেষ হওয়ার কথা ছিল, তারপর কোচের নাম ঘোষণা করার কথা। তবে বাফুফে সূত্রে জানা গেছে, আজ-কালের মধ্যে তা হচ্ছে না। নতুন সপ্তাহে তা জানানো হবে।
উঁচুমানের কোচদের তালিকা
বাফুফের সংক্ষিপ্ত কোচদের তালিকায় উঁচুমানের কোচ রয়েছেন। ওয়েলসের কোচ থেকে শুরু করে ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির কোচও আছেন। আগে এসব কোচদের কেউ কেউ ১ লাখ ডলার কিংবা এর নিচে বেতনে কাজ করে আসছেন। তবে বাংলাদেশের ক্ষেত্রে তাদের সবাই বেতন কমিয়েছেন। একেকজন সর্বোচ্চ ৪০ হাজার ও সর্বনিম্ন ১৫ হাজার ডলারে গিয়ে ঠেকেছেন।
কোচদের সাক্ষাৎকার ও বেতন কাঠামো
এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও টেকনিকাল ডিরেক্টর সরাসরি কোচদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে জানা গেছে। তবে কোচরা বাংলাদেশের ক্ষেত্রে বেতন কমিয়েছেন কেন? এমন প্রশ্নের উত্তরে মাত্র এনজিওপ্লাস্টি করে হাসপাতালের বিছানা থেকে উঠে আসা বাফুফের সদস্য ও টেকনিকাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগেই আপনাদের বলেছি, বাংলাদেশ দলটি আগের চেয়ে বেশ ব্যালেন্সড। প্রবাসীরা যুক্ত হচ্ছে। হামজার মতো খেলোয়াড় আছে। তাই অনেকের দৃষ্টি আমাদের দলটির দিকে। অনেকে হয়তো মনে করছেন, এ দল নিয়ে সামনের দিকে এগোনো যাবে। আর তা করতে পারলে কোচরাও সফল। তাই যারা আবেদন করেছেন বাংলাদেশের ফুটবলের অর্থনৈতিক কাঠামো বুঝে হয়তো তাদের নির্ধারিত বেতনের চাহিদাও কমিয়েছেন। এখন আমি যা বুঝতে পারছি, আগামী সপ্তাহে কোচের নাম চূড়ান্ত হতে পারে। এখনও সাক্ষাৎকার চলছে।’
আর বেতন কাঠামো নিয়ে হিলটন জানালেন, ‘বেতন কিন্তু এখনও চূড়ান্ত কিছু হয়নি। কেউ ৪০ কিংবা ১৫ হাজার ডলার চেয়েছে। এখন আলোচনা চলছে। তারপর ঠিক হবে আমরা কাকে নেবো।’



