এনওসি বাধ্যতামূলক: ডিআরইউর তীব্র নিন্দা
এনওসি বাধ্যতামূলক: ডিআরইউর তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) জারি করা ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ সংক্রান্ত বিজ্ঞপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রবিবার (১৭ মে) এক বিবৃতিতে পেশাদার সাংবাদিকদের শীর্ষ এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই প্রতিবাদ জানান।

ডিআরইউর বক্তব্য

ডিআরইউ-এর দপ্তর সম্পাদক রাশিম মোল্লার সই করা বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কর্মস্থল পরিবর্তন, নিজের উপযুক্ত কর্মস্থল বেছে নেওয়া এবং স্বাধীনভাবে কাজ করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। কোনো সংগঠন বা মালিকপক্ষ একতরফাভাবে এমন নির্দেশনা জারি করে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতার অধিকার খর্ব করতে পারে না।

আইন ও নৈতিকতার পরিপন্থী

কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে এনওসি বাধ্যতামূলক করা এবং তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘এটি শ্রম আইন, সাংবাদিকতার নৈতিকতা ও স্বাধীন গণমাধ্যম চর্চার পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত গণমাধ্যমে কাজের সুষ্ঠু পরিবেশ নষ্ট করবে, গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয়, অপেশাদারি ও অনিশ্চয়তা তৈরি করবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অবিলম্বে প্রত্যাহারের দাবি

ডিআরইউ নেতারা অবিলম্বে অ্যাটকোর এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। তারা গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বাধীনতা ও অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ