ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের অন্তত দুটি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান চলাকালীন উপস্থাপকদের অস্ত্র হাতে হাজির হতে দেখা গেছে। দেশটির চলমান পরিস্থিতির মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় উপস্থাপকদের এমন যুদ্ধংদেহী রূপ এবং লাইভ অনুষ্ঠানে অস্ত্র প্রদর্শন দেখা গেলো।
উপস্থাপকের অস্ত্র প্রশিক্ষণ
টেলিভিশনের একটি অনুষ্ঠানে উপস্থাপক হোসেইন হোসেইনিকে সরাসরি সম্প্রচার চলাকালেই অস্ত্র চালনার প্রাথমিক প্রশিক্ষণ দিতে দেখা যায়। মুখোশ পরিহিত আধা-সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) এক সদস্য তাকে এই প্রশিক্ষণ দেন। অস্ত্র কীভাবে প্রস্তুত করতে হয় তা শেখার পর, উপস্থাপক হোসেইনি সংযুক্ত আরব আমিরাতের পতাকাকে লক্ষ্য করে প্রতীকী গুলি ছোড়ার ভঙ্গি করেন।
নারী উপস্থাপিকার অস্ত্র প্রদর্শন
অপর একটি চ্যানেলে মবিনা নাসিরি নামের এক নারী উপস্থাপিকা জানান, তেহরানের ভানাক স্কয়ারের একটি সমাবেশ থেকে তার কাছে একটি অস্ত্র পাঠানো হয়েছে, যাতে তিনি ক্যামেরার সামনে অস্ত্রসহ উপস্থিত হতে পারেন। অস্ত্র হাতে নিয়ে ওই লাইভ অনুষ্ঠান থেকেই মবিনা নাসিরি ঘোষণা করেন, 'এই প্ল্যাটফর্ম থেকে আমি ঘোষণা করছি যে আমি এই দেশের জন্য আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত।'
সূত্র: এপি



