বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ড. মো. হাফিজুর রহমান। তিনিসহ মোট ১০ জন কবি-লেখক এই পুরস্কার লাভ করতে যাচ্ছেন।
পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা
শুক্রবার (১ মে) এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করেন। ড. মো. হাফিজুর রহমান লেখালেখির জগতে ড. হাফিজ রহমান নামে সমধিক পরিচিত। শিক্ষক বাবার অনুপ্রেরণায় ছাত্রাবস্থায় তাঁর লেখালেখির সূচনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।
প্রথম লেখা ও সাহিত্যকর্ম
অষ্টম শ্রেণিতে পড়াকালীন তাঁর প্রথম লেখা ছাপা হয় স্থানীয় দৈনিক লোকসমাজ পত্রিকায়। এরপর থেকে দৈনিক সমকাল, জনকণ্ঠ, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি স্টার, দ্যা বিজনেস টাইম, ঢাকামেইলসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় লেখালেখির সঙ্গে যুক্ত তিনি। ড. হাফিজ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: উপন্যাস: ‘দীপ্ত শিখা’ ও ‘ফেরার সঙ্গী’; ছোটগল্প: ‘ফাগুনের চাঁদ’ ও ‘নীল চাঁদোয়া’; কাব্যগীতি: ‘হৃদয়ের গান’; কাব্যগ্রন্থ: ‘শতদলে দুই পাতা’ ও ‘সবুজ পাতায় রক্তের দাগ’, ‘ভালোবাসা তার কাছে’ এবং জাতীয় দৈনিকের কলাম সমগ্র: ‘লিখি ও লেখে’।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা
ড. হাফিজ ছাড়াও পুরস্কারপ্রাপ্ত অন্যান্য লেখকরা হলেন: কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল ও মজিদ মাহমুদ; শিশুসাহিত্যে হাসনাত আমজাদ; কথাসাহিত্যে সমীর আহমেদ, রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শিগগিরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কবি-লেখকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সোনার বাংলা সাহিত্য পরিষদ। উল্লেখ্য, গত ৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে এসবিএসপি।



