শাকিবের ‘রকস্টার’-এর ওয়ার্মআপ ভিডিও মুক্তি, প্রশংসায় ভক্তরা
শাকিবের ‘রকস্টার’-এর ওয়ার্মআপ ভিডিও মুক্তি

শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক টিজার ‘ওয়ার্মআপ’ শনিবার মুক্তি পেয়েছে। ৫৪ সেকেন্ডের এই অ্যানিমেশন ভিডিওটি শাকিব খানের ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘একটা গল্প...যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।’ একই সঙ্গে জানানো হয়েছে, ৫ মে ছবির আরও একটি টিজার প্রকাশ করা হবে।

অ্যানিমেশন ভিডিওতে কী দেখা গেছে

অ্যানিমেশন ভিডিওতে এক রকস্টারের উত্থান-পতন তুলে ধরা হয়েছে। শুরুতে দেখা যায় ঝড়বৃষ্টি, সঙ্গে বাজছে গিটার। এরপর আসে একটি কনসার্টের আবহ, যেখানে হাজির হয় রকস্টার শাকিবের অ্যানিমেটেড অবয়ব। কনসার্টে উপস্থিত অসংখ্য দর্শকের সামনে গান গাইছেন রকস্টার। গানের কথায় শোনা যায়, ‘আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও।’

দর্শকদের প্রতিক্রিয়া

ভিডিওর নিচে মন্তব্যের ঘরে ভক্ত লিখেছেন, ‘পুরাই আগুন হবে এই সিনেমা।’ আরেক ভক্ত লিখেছেন, ‘আবহসংগীত শুনেই রোমাঞ্চ হচ্ছে।’ অনেকে আবার দ্রুত টিজার মুক্তি দেওয়ার কথা বলেছেন। দেশের সিনেমায় অ্যানিমেশন টিজার সেভাবে দেখা যায় না, সেদিক থেকে ‘রকস্টার’ ব্যতিক্রম। মুক্তির পর থেকে অ্যানিমেশন টিজার মুক্তির উদ্যোগ নিয়ে প্রশংসা করেছেন অনেক ভক্ত। এ ছাড়া প্রশংসা পেয়েছে টিজারে ব্যবহৃত আবহসংগীত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিনেমার অন্যান্য তথ্য

আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। এতে শাকিব ছাড়াও আছেন সাবিলা নূর ও তানজিয়া মিথিলা। সিনেমার সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দেবেন। এ ছাড়া সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। সান মোশন পিকচার প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ