বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন ‘চরকি কার্নিভ্যাল’-এর পর্দা উঠছে আজ। অভিনয়ের মাস্টারক্লাস, সিনেমা এবং ওটিটির ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনা, সন্ধ্যায় তারকাবহুল চরকি অ্যাওয়ার্ডস—দিনব্যাপী নানা আয়োজনে মুখর থাকবে অনুষ্ঠানস্থল। পাশাপাশি প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে জানানো হবে বিশেষ সম্মাননা।
সকালে মাস্টারক্লাস, বিকেলে প্যানেল আলোচনা
চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টা ৩০ মিনিটে অভিনয়ের মাস্টারক্লাস দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। ৩৪ জন অংশগ্রহণকারীকে নিয়ে প্রায় দুই ঘণ্টা অভিনয় প্রশিক্ষণ দেবেন তারিক আনাম খান। বেলা তিনটায় শুরু হবে প্যানেল আলোচনা। ‘দ্য রাইজ, রিয়েলিটিজ অ্যান্ড রিনোভেশন অব বাংলা সিনেমা’ শিরোনামের এই আয়োজনে সিনেমা, ওটিটি, শর্ট-ফর্ম কনটেন্ট, নতুন প্রজন্মের দর্শক, ভার্টিক্যাল স্টোরিটেলিং এবং ক্রিয়েটর ইকোনমি নিয়ে আলোচনা করবেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন। সঞ্চালনা করবেন সাদিয়া খালিদ রীতি। এ আয়োজনে বিভিন্ন পেশার ৫১ জন অংশ নিচ্ছেন। মাস্টারক্লাস ও প্যানেল আলোচনার অংশগ্রহণকারীদের নিবন্ধনের মাধ্যমে নির্বাচন করা হয়েছে।
সন্ধ্যায় দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডস
সন্ধ্যা ছয়টায় শুরু হবে রেড কার্পেট। সন্ধ্যা সাতটায় বসবে দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডসের আসর। ২০২৩ ও ২০২৪ সালের জন্য সাবস্ক্রাইবারস চয়েস (দর্শক ভোট) ও সমালোচক—এই দুই বিভাগে ২৩টি করে ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। সাবস্ক্রাইবারস চয়েস (২০২৪) বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’, ‘তুফান’ ও ‘৩৬–২৪–৩৬’। সেরা সিরিজ বিভাগে রয়েছে ‘সিনপাট’, ‘কালপুরুষ’, ‘আধুনিক বাংলা হোটেল’ ও ‘২ষ’।
সমালোচক বিভাগের মনোনয়ন
সমালোচক বিভাগের (২০২৪) সেরা অভিনেতা ও অভিনেত্রীর দৌড়ে আছেন চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, তারিক আনাম খান, ইয়াশ রোহান, জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, এফ এস নাঈম, মোহাম্মদ রিফাত বিন মানিক, মোশাররফ করিম, কাজী নওশাবা আহমেদ, সুমাইয়া শিমু, তানজিকা আমিন ও জিন্নাত আরা। ২০২৩ সালের সমালোচক বিভাগে (ফিল্ম) মনোনয়ন পেয়েছেন আফরান নিশো, আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, আফসান আরা বিন্দু, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান ও তমা মির্জা। একই বছরের সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, সৌম্য জ্যোতি, ইয়াশ রোহান, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, সাবিলা নূর ও সামিরা খান মাহি।
বিশেষ সম্মাননা ও সামাজিক সচেতনতা
এবারের চরকি অ্যাওয়ার্ডসে প্রয়াত অভিনেত্রী, লেখক ও নির্মাতা কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, সাবস্ক্রাইবারস ও ক্রিটিকস চয়েসে বিভাগে ‘৩৬–২৪–৩৬’ চলচ্চিত্রের জন্য মনোনীত ছিলেন কারিনা কায়সার। ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র এবারের আয়োজনে সামাজিক সচেতনতার বার্তাও যুক্ত করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, নতুন প্রজন্মের মধ্যে সুরক্ষা, দায়িত্বশীলতা ও নিরাপদ জীবনযাপন নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
আয়োজনের অন্যান্য দিক
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রাকিন আবসার ও রাফসান সাবাব। উদ্বোধনী পরিবেশনা হিসেবে থাকবে ‘নবরস’ শিরোনামের নৃত্য। ‘ফ্লো বাই ইরা’র পরিবেশনায় নৃত্য পরিচালনা করেছেন মুবাশশীরা কামাল ইরা। এ ছাড়া থাকবে বিটমসফিয়ারের অ্যাকাপেলা ও বিটবক্সিং। রেদওয়ান রনি বলেন, ‘এবারের আয়োজনকে আমরা শুধু অ্যাওয়ার্ডসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি। তরুণদের জন্য অভিনয়ের মাস্টারক্লাস এবং ইন্ডাস্ট্রির জন্য প্যানেল আলোচনা রেখেছি। দুই আয়োজনেই অংশগ্রহণকারীদের যে সাড়া পেয়েছি, তা সত্যিই আনন্দের।’



