ক্রিস্টোফার নোলানের সঙ্গে সেলফি তুললেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর রাকিব
নোলানের সঙ্গে সেলফি তুললেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র সমালোচক রাশেদুজ্জামান রাকিব হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের সঙ্গে সেলফি তুলেছেন। গতকাল ফেসবুকে পোস্ট করা এই সেলফি নিয়ে তিনি লিখেছেন, ‘সবকিছু এখনো স্বপ্ন মনে হচ্ছে।’

লন্ডনে নোলানের সিনেমার প্রিমিয়ারে অংশ

রাশেদুজ্জামান রাকিব প্রথম আলোকে জানান, ৬ জুলাই লন্ডনের লেস্টার স্কয়ারে ‘দ্য অডিসি’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে এই মিলন ঘটে। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নোলানের স্ত্রী ও প্রযোজক এমা থমাস, অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে, টম হল্যান্ড, জেনডায়া ও রবার্ট প্যাটিনসন।

নোলানের নির্বাচিত ভক্ত হিসেবে আমন্ত্রণ

নোলানের নির্বাচিত আড়াই শ ভক্তের একজন হিসেবে প্রিমিয়ারে যোগ দেন রাকিব। নোলানের সঙ্গে দেখা হওয়ার আগে তাঁর টিমের সদস্যের সঙ্গে কথা বলেন তিনি। রাকিব ফেসবুকে লিখেছেন, ‘স্যার ক্রিস্টোফার নোলানের সঙ্গে দেখা হলো। উনি যখন আমার দিকে এগিয়ে আসছিলেন, তখন তাঁর টিমের একজন বললেন, “স্যার, উনি আপনার বড় ভক্ত।” নোলান তাঁর সেই চিরচেনা, বিনয়ী হাসি দিয়ে বললেন, “ওহ, তাহলে তুমিই সেই মানুষ।” সেই মুহূর্তটা যেন বিশ্বাসই হচ্ছিল না! এরপর তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলার সুযোগ হলো। একটি সেলফি তুললাম, নিলাম তাঁর অটোগ্রাফও। সবশেষে তিনি যখন ওপরে চলে যাচ্ছিলেন, তখন আবার আমার দিকে তাকিয়ে “চিয়ার্স” বলে ইশারা করলেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নোলানের সিনেমার প্রতি ভালোবাসা

২০২৫ সালের শেষ ভাগে লন্ডনে যান রাশেদুজ্জামান রাকিব। লন্ডন থেকে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার জীবনে নোলানের বড় প্রভাব আছে। তাঁর সিনেমা দেখার পর সিনেমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। নোলানের সিনেমা রিলিজ হলে বাইরে গিয়ে দেখতাম।’

‘আরএনএআর’ পরিচিতি

দর্শকমহলে ‘আরএনএআর’ নামে পরিচিত রাকিব বাংলা সিনেমা নিয়ে সমালোচনামূলক ভিডিও বানিয়ে পরিচিতি পেয়েছেন। প্রায় আট বছরের পথচলায় তিনি নিজেকে দেশের চলচ্চিত্রবিষয়ক অন্যতম শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ