ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেয়েছে একাধিক নতুন সিনেমা ও ওয়েব ফিল্ম। প্রেক্ষাগৃহে সাড়া জাগানোর পর এখন ঘরে বসেই এসব সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকরা।
চরকিতে ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’
ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। এছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহের পর যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পায় সিনেমাটি। এখন এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে।
একই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।
আইস্ক্রিনে ‘সারার সংসার’ ও ‘প্রেশার কুকার’
ঈদুল আজহা উপলক্ষে ২৬ মে আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। গল্পে উঠে এসেছে এক মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ, নৈতিক দ্বন্দ্ব এবং সন্তানকে রক্ষার সংগ্রাম। এছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, নাফিসা মালিয়াত ও মনীষা শিকদার।
আইস্ক্রিনে আরও দেখা যাবে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। হাইপারলিংক ন্যারেটিভে চারটি আলাদা জীবনকে তুলে ধরেছেন রাফী। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রিজভী রিজু, আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, আয়মন শিমলা, নাঈমা আলম মাহা।
বঙ্গে ‘তাজমহল’ ও ‘ব্যাচেলর পয়েন্ট ৫’
বঙ্গসীমান্তের দুই প্রান্তের দুই মানুষের আবেগ, ভালোবাসা ও দূরত্বের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘তাজমহল’ মুক্তি পাবে ঈদে। এটি বানিয়েছেন ওয়াহিদ আনাম। ওয়েব ফিল্মটি দিয়ে বাংলাদেশের প্রকল্পে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৃজা দত্তের। সৃজার বিপরীতে আছেন ফাইজুল ইয়ামিন। আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, মালিহা মেধা প্রমুখ। ঈদের দিন থেকে বঙ্গতে দেখা যাবে সিনেমাটি। এ ছাড়া ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর চ্যাপ্টার ১২।
উৎসবে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’
নতুন প্ল্যাটফর্ম উৎসবে মুক্তি পেয়েছে গত ঈদের দুই সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রাক্ষস’। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’–এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ছবিতে তাঁর দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু। আর মেহেদী হাসানের ‘রাক্ষস’-এ আছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি।



