বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। পরিচালক মোহাম্মদ রব্বী মৃধা নির্মিত চলচ্চিত্রটি আগামী ৩০ মে ঈদুল আজহা উপলক্ষে আইস্ক্রিন-এ বিশ্বব্যাপী মুক্তি পাবে।
আন্তর্জাতিক উৎসবে সাফল্য
২০২১ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসব, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও লন্ডন ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসব-সহ বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি।
দীর্ঘ এই উৎসবযাত্রায় সিনেমাটি অর্জন করেছে একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি। জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি স্পেশাল মেনশন, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের ‘গৌতম বুদ্ধ পুরস্কার’ এবং কলকাতা বিশ্ব চলচ্চিত্র উৎসবে ফিপরেস্কি পুরস্কার জিতে নেয় ছবিটি। ২০২৩ সালে এটি বাংলাদেশের পক্ষ থেকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেও জমা দেওয়া হয়েছিল।
গল্প ও অভিনয়শিল্পী
জলবায়ু পরিবর্তন, সামাজিক সংকট ও মানবিক টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে সাইফুল নামের এক দরিদ্র অ্যাম্বুলেন্সচালককে ঘিরে। দুই স্ত্রীর সম্পর্ক, দারিদ্র্য, সহিংসতা ও টিকে থাকার সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। সিনেমাটিতে অভিনয় করেছেন প্রিয়ম আর্চি, দীপান্বিতা মার্টিন ও মোস্তফা মনোয়ার।
নির্মাতাদের আশা, আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এই চলচ্চিত্রটি ওটিটি মুক্তির মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের কাছেও নতুনভাবে পৌঁছে যাবে।



