পবিত্র ঈদুল ফিতরের আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার আসছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে। আগামী ২৪ মে থেকে প্ল্যাটফর্মটিতে সিনেমাটি দেখা যাবে। সিনেমাটির স্ট্রিমিং পার্টনার ও সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে হইচই।
প্রেক্ষাগৃহে দুই মাস পর ওটিটিতে
প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রেক্ষাগৃহে দুই মাস চলার পর স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির কথা ছিল। সেভাবেই এবার সব দর্শকের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে ওটিটিতে মুক্তি পেলেও প্রেক্ষাগৃহেও সিনেমাটি দেখতে পারবেন দর্শক।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে
তানিম নূর পরিচালিত সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। ঈদুল ফিতরে মুক্তির পর থেকে সিনেমাটির বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আয় ১৪ কোটি টাকার বেশি। বিদেশের বাজারসহ মোট আয় ২০ কোটির বেশি। গত শুক্রবারেও এটি মাল্টিপ্লেক্স থেকে ২৪ লাখ টাকা আয় করে।
উত্তর আমেরিকার বক্স অফিসে সেরা ২০-এ
মুক্তির পরই উত্তর আমেরিকার বক্স অফিসের সেরা ২০-এ স্থান করে নেয় ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
অভিনয়শিল্পীরা
সিনেমার প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী প্রমুখ।



