ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশকে এক অভাবনীয় বাস্তবতার মুখোমুখি হতে হলো। সাধারণ যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি নিজ চোখে দেখতে শনিবার তিনি ছদ্মবেশে বেঙ্গালুরুর বিএমটিসি বাসে ভ্রমণ করতে নেমেছিলেন। আর সেখানেই বাসের কন্ডাক্টরের হাতেই তাকে বাস থেকে নেমে যাওয়ার নির্দেশ পেতে হলো।
ছদ্মবেশী অভিযান
মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা ধরে ১০টিরও বেশি বিএমটিসি বাসে ভ্রমণ করেন মন্ত্রী। এই অভিযানে তিনি যাত্রী সাধারণের দীর্ঘদিনের অভিযোগগুলোকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। অভিযানের শুরুতেই তিনি এক গুরুতর অনিয়মের সাক্ষী হন, যেখানে ফ্যান ওয়ার্ল্ড বাস স্টপেজে এক যাত্রীর নামার সংকেত দেওয়ার পরও বাস থামানো হয়নি। তাৎক্ষণিকভাবে মন্ত্রী ওই বাসের চালক ও কন্ডাক্টরকে বরখাস্ত করার নির্দেশ দেন।
কন্ডাক্টরের সঙ্গে সংঘর্ষ
হেব্বাল-নাগশেট্টিহল্লি রুটের একটি বাসে ভ্রমণের সময় মন্ত্রী নিজেই সাধারণ যাত্রীদের চিরচেনা দুর্ভোগের কবলে পড়েন। কন্ডাক্টরকে টিকিট কাটার জন্য ১০০ রুপির একটি নোট দিলে তিনি ভাংতি নেই বলে টিকিট তো দেনইনি, উল্টো মন্ত্রীকে বাস থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। একজন মন্ত্রী হিসেবে পরিচয় পাওয়ার আগেই তিনি সাধারণ যাত্রীদের এই নিত্যদিনের ভোগান্তি নিজের গায়ে মাখলেন।
অটো-রিকশা বিবাদ মিটিয়ে
বাসের অভিজ্ঞতা শেষে নাগশেট্টিহল্লিতে নেমে মন্ত্রী আরেকটি বিবাদের সমাধান করেন। এক অটো-রিকশাচালক মিটারে ৩০ টাকা ভাড়া দেখালেও যাত্রীর কাছে ৩৬ টাকা দাবি করছিলেন। মন্ত্রী সেখানে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ওই বিবাদ মিটিয়ে দেন।
কঠোর নজরদারির প্রতিশ্রুতি
এই পুরো অভিযানকে ‘বাস্তবতার মুখোমুখি হওয়া’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বাইরাথি সুরেশ জানান, পরিবহন কর্মীদের শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেঙ্গালুরুজুড়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সেবার মান বাড়াতে তিনি কঠোর নজরদারি বজায় রাখবেন।



