কৃতি শ্যাননের বৈষম্যের অভিজ্ঞতা
বলিউডে নারী-পুরুষবৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি—এমনই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। তাঁর অভিযোগ, চলচ্চিত্রের সেটে নারী অভিনয়শিল্পীদের অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না। অন্যদিকে পুরুষ তারকাদের একই আচরণকে ইতিবাচকভাবে দেখা হয়। সম্প্রতি ইউটিউবার ও উপস্থাপক লিলি সিংয়ের সঙ্গে আলাপচারিতায় কৃতি বলেন, কর্মজীবনে তিনি মডেলিং করেছেন, ইঞ্জিনিয়ারিং পড়েছেন এবং এখন চলচ্চিত্রে কাজ করছেন। কিন্তু এই তিন ক্ষেত্রের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে বলিউডেই।
সুযোগের অসমতা
কৃতির ভাষায়, ক্যারিয়ারের শুরুতে নারী অভিনয়শিল্পীদের জন্য সুযোগও ছিল অনেক কম। তখন অধিকাংশ ছবিই নায়ককেন্দ্রিক হতো আর নায়িকাদের চরিত্র সীমাবদ্ধ থাকত প্রেমিকার ভূমিকায়। যদিও সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং এখন নারীদের জন্য আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় চরিত্র লেখা হচ্ছে, তবু বৈষম্য এখনো রয়ে গেছে।
প্রশ্ন করার অধিকার
কৃতি বলেন, চরিত্র বা দৃশ্য নিয়ে প্রশ্ন করতে তিনি সব সময়ই পছন্দ করেন। কিন্তু একজন নারী অভিনেত্রী একই কাজ করলে তাঁকে প্রায়ই বিরক্তিকর বা অতিরিক্ত প্রশ্নকারী হিসেবে দেখা হয়। তিনি বলেন, ‘যখন কোনো নারী অভিনয়শিল্পী প্রশ্ন করেন, তখন অনেকে বলেন, “এত প্রশ্ন করে কেন? এবার তো ৫০টা প্রশ্ন শুরু হবে।” কিন্তু একজন পুরুষ তারকা একই প্রশ্ন করলে বলা হয়, তিনি নিজের কাজের প্রতি খুবই মনোযোগী। আমার সঙ্গেও এমন হয়েছে। আমি একই প্রশ্ন করলে আমাকে বলা হয়েছে, “এত বিশ্লেষণ কোরো না।” অথচ একই কথা কোনো পুরুষ অভিনেতা বললে সবাই গুরুত্ব দিয়ে বলে, “ঠিক আছে, এটা করা যেতে পারে।”’
সেটে বৈষম্য
চলচ্চিত্রের সেটে দৈনন্দিন ব্যবস্থাপনাতেও বৈষম্য রয়েছে বলে মনে করেন কৃতি। তাঁর দাবি, অনেক সময় পুরুষ তারকাদের জন্য ভালো কক্ষ বা ভালো গাড়ির ব্যবস্থা করা হয়। তবে তাঁর আপত্তি সুবিধা-অসুবিধা নয়, বরং দৃষ্টিভঙ্গি নিয়ে। তিনি বলেন, ‘আমার ছোট ঘর বা ছোট গাড়ি পেলেও সমস্যা নেই। কিন্তু আমাকে যেন কম গুরুত্বপূর্ণ মনে না করা হয়। অনেক সময় সহকারী পরিচালকেরা (এডি) আগে নায়িকাদেরই সেটে ডেকে নেন। তাঁরা বুঝতেই পারেন না যে পুরুষ তারকাদের ব্যাপারে তাঁরা একটু বেশি ভয় পান, আর নারী অভিনয়শিল্পীদের অনেক সময় খুব সহজভাবে নেন।’
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ককটেল ২’
সম্প্রতি কৃতি শ্যানন অভিনীত ‘ককটেল ২’ মুক্তি পেয়েছে। হোমি আদাজানিয়া পরিচালিত এই রোমান্টিক কমেডিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা। সমালোচক ও দর্শকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ১৩৭ কোটি রুপি আয় করেছে। কৃতি এখনো তাঁর পরবর্তী ছবির ঘোষণা দেননি।



