বলিউডের প্রখ্যাত নির্মাতা মহেশ ভাটের বিরুদ্ধে অভিনেত্রীদের যৌন নিগ্রহের অভিযোগ ইন্ডাস্ট্রিতে বহুল আলোচিত একটি বিষয়। ক্যারিয়ারের শুরু থেকে এখনও নারী বিতর্ক যেন এই পরিচালকের সঙ্গে লেপ্টে আছে। তেমনই একজন বলিউডে কাজ করা পাকিস্তানি অভিনেত্রী মীরা। দীর্ঘদিন ধরে আলোচনায় না থাকলেও এই তারকা অভিনেত্রী আবারও পাদপ্রদীপের আলোয় এসেছেন।
মীরার নতুন মন্তব্য
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড নির্মাতা মহেশ ভাট এবং তার মেয়ে আলিয়া ভাটকে নিয়ে মন্তব্য করে নেটিজেনদের চমকে দিয়েছেন তিনি। অতীতে মহেশ ভাটের বিরুদ্ধে আনা মারধর ও নিয়ন্ত্রণের অভিযোগগুলোও এবার উড়িয়ে দিয়েছেন মীরা। নিজের নতুন প্রজেক্ট ‘সাইকো’র প্রচারণায় গিয়ে মীরা জানান, তার এই কাজটি ভারতে মুক্তি না পাওয়ায় তিনি অত্যন্ত দুঃখিত। তবে এই কাজ দেখলে মহেশ ভাট এবং আলিয়া ভাট দুজনেই খুব খুশি হতেন বলে তিনি বিশ্বাস করেন।
আলিয়া ভাটের প্রশংসা
স্মৃতিচারণ করতে গিয়ে মীরা বলেন, ‘আমি যখন তাদের বাড়িতে থাকতাম, তখন আলিয়া আমার সঙ্গেই ঘুমাত। তারা এই সিনেমা দেখলে নিশ্চিত আমাকে ফোন করতেন।’ বর্তমান সময়ের তারকা অভিনেত্রী আলিয়া ভাটের প্রশংসা করে মীরা বলেন, ছোটবেলা থেকেই আলিয়া অত্যন্ত মেধাবী ও বুদ্ধিদীপ্ত ছিলেন এবং পড়াশোনায় খুব ভালো ছিলেন।
মহেশ ভাটের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার
এদিকে কয়েক বছর আগে মীরা অভিযোগ করেছিলেন, মহেশ ভাট তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেছেন এবং কয়েকবার থাপ্পড় মেরেছেন। এমনকি ভাট তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন বলেও দাবি করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে মীরা পুরো বিষয়টি অস্বীকার করে বলেন, এমন কিছুই ঘটেনি এবং মহেশ ভাট একজন অত্যন্ত গুণী পরিচালক। তার সঙ্গে পুনরায় কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০০৫ সালে মহেশ ভাটের লেখা এবং সোনি রাজদান পরিচালিত ‘নজর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মীরার। পরবর্তীতে মহেশ ভাটের বিরুদ্ধে অভিযোগ আনলে সোনি রাজদান এবং মহেশ ভাট দুজনই তা প্রত্যাখ্যান করেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন। দীর্ঘ সময় পর মীরার এই ইউ-টার্ন ভক্তদের মধ্যে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।



