প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই ৮৩ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ
প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই ৮৩ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ

প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। রবিবার (২৬ এপ্রিল) ভোরে দিল্লিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

অর্ধশতাব্দীরও বেশি সময়ের কর্মজীবন

অর্ধশতাব্দীরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল তার সমৃদ্ধ কর্মজীবন। পেশাগত জীবনের শুরুতে তিনি সিভিল ইঞ্জিনিয়ার হলেও আলোকচিত্রকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নেন। মাত্র ২৩ বছর বয়সে বড় ভাইয়ের মাধ্যমে ক্যামেরার সঙ্গে তার পরিচয় ঘটে। এরপর ধীরে ধীরে তিনি একজন খ্যাতিমান ফটোসাংবাদিক ও সম্পাদক হিসেবে পরিচিতি পান। ভারতের নানা প্রান্তে ঘুরে তিনি দেশের বৈচিত্র্য, সমাজবাস্তবতা ও মানুষের জীবনচিত্র ক্যামেরায় তুলে ধরেছেন।

বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি ধারণ

সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আধ্যাত্মিক নেতা দালাই লামা, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ধারণের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তার ক্যামেরায় উঠে এসেছে মাদার তেরেসার মতো মানবতাবাদী ব্যক্তিত্বও।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুরস্কার ও সম্মাননা

আলোকচিত্রে অবদানের জন্য দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র ধারণের জন্য তিনি প্রশংসিত হন। ১৯৭২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

শেষকৃত্য

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ