বনলতা এক্সপ্রেসের কাজ ফিরিয়ে দিয়ে আফসোস তানজিকা আমিনের
বনলতা এক্সপ্রেসের কাজ ফিরিয়ে দিয়ে আফসোস তানজিকার

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকমনে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়ছে। এই সিনেমায় কাজের সুযোগ পেয়েছিলেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে এখন বিষয়টি নিয়ে তাঁর কিছুটা আফসোস রয়েছে।

সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে তানজিকা নিজেই এই প্রসঙ্গে কথা বলেন। তিনি জানান, ‘আমাকে যখন সিনেমাটির জন্য প্রস্তাব করা হয়েছিল, তখন আমার চরিত্রটি সেভাবে বিস্তার লাভ করেনি। তাই মনে হয়েছিল সিনেমাটি আমি না করলেও কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু মুক্তির পর যতবার সিনেমাটি দেখছি, বারবার মনে হয়েছে, ইশ্ কী বড় মিসটাই না করলাম!’

আফসোসের সুরে তিনি আরও বলেন, ‘লজ্জা লাগছে নিজের কাছে কেন যুক্ত হলাম না। এটা আমার জন্য সত্যিই দুঃখজনক ঘটনা।’ রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে তানজিকা অকপটে স্বীকার করেন যে ২০১৩ সালেও তিনি ওপার বাংলার সিনেমায় প্রসেনজিতের বিপরীতে একটি দুর্দান্ত সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। পডকাস্টে তিনি এই সিদ্ধান্তের কারণও বিশদভাবে ব্যাখ্যা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিজের আত্মবিশ্বাস নিয়েও অকপট এই অভিনেত্রী বলেন, ‘আমার আত্মবিশ্বাস এতটাই বেশি, মাঝে মাঝে মনে হয় আমি রানী ভিক্টোরিয়া। এক হাজার মেয়ের মাঝেও যদি আমাকে বসিয়ে দেওয়া হয়, আমি নিজের ওপর বিশ্বাস অনুভব করব। তবে এই আত্মবিশ্বাস পরিমিত আকারেই আমি ধারণ করি। অতিরিক্ত আত্মবিশ্বাসীদের অনেকে বেয়াদব বলে, অহঙ্কারী বলে। আমাকে আজ পর্যন্ত কেউ এই ধরনের অপবাদ দেয়নি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ