শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (এসএমইউসিটি) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের ৪৪তম ব্যাচের গ্র্যাজুয়েশন ফ্যাশন শো গতকাল শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ‘এভরি স্টিচ টেলস আওয়ার স্টোরি’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন ডিজাইনারদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও সমসাময়িক ফ্যাশন–ভাবনার বহুমাত্রিক উপস্থাপনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. লুৎফর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বিএসসিআইসির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও বাংলাদেশের আধুনিক কারুশিল্পের রূপকার, গবেষক ও বিশিষ্ট ডিজাইনার চন্দ্রশেখর সাহা।
স্বাগত বক্তব্য ও উপস্থিত ব্যক্তিবর্গ
স্বাগত বক্তব্য দেন ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিটি বিভাগের প্রধান আফরোজা হক ডেইজিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং ফ্যাশন ও পোশাকশিল্প–সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা।
পাঁচটি থিমভিত্তিক কালেকশন
এবারের গ্র্যাজুয়েশন ফ্যাশন শোতে পাঁচটি স্বতন্ত্র থিমভিত্তিক কালেকশন উপস্থাপন করা হয়। এগুলো হলো স্মার্ট ক্যাজুয়াল, ঐতিহ্যবাহী পোশাক, স্ট্রিটওয়্যার, ইভনিং ওয়্যার এবং ফেস্টিভ ও ব্রাইডাল অনুপ্রাণিত পোশাক। প্রতিটি কালেকশনে নান্দনিক কারুশিল্প, আধুনিক ডিজাইন–ভাবনা ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সৃজনশীল সমন্বয় ফুটে ওঠে, যা শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতার অনন্য বহিঃপ্রকাশ হিসেবে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের আকর্ষণ ও তাৎপর্য
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জমকালো র্যাম্প শো, নবীন ডিজাইনারদের পরিচিতি, অতিথিদের বক্তব্য এবং ফ্যাশন ও পোশাকশিল্পের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন, টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা, ডিজাইনার, নিয়োগদাতা, শিল্প–সংশ্লিষ্ট প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ও শিক্ষার্থীদের প্রতি তাঁদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
আয়োজকদের বক্তব্য
আলোচনা পর্বে আয়োজক বিভাগের ঊর্ধ্বতন ব্যক্তিরা বলেন, গ্র্যাজুয়েশন ফ্যাশন শো কেবল শিক্ষার্থীদের সৃজনশীল অর্জনের প্রদর্শনী নয়, এটি ডিজাইন শিক্ষা, গবেষণা, শিল্প–একাডেমিয়ার সহযোগিতা ও বাংলাদেশের ফ্যাশন–শিল্পের জন্য দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এসএমইউসিটির অঙ্গীকারেরও প্রতিফলন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাজীবনে প্রবেশের আগে তাঁদের প্রতিভা, দক্ষতা ও সক্ষমতা শিল্প খাতের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।



